ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে কলকাতায় মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে কলকাতায় বিশিষ্ট ব্যক্তিদের আহ্বানে এক বিশাল মিছিল হয়। কবি শঙ্খ ঘোষের নেতৃত্বে মিছিলে যোগ দেন কলকাতার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে, শেষ হয় ধর্মতলায়।

২০০৭ সালের ১৪ নভেম্বর নন্দীগ্রামে গুলিবর্ষণের প্রতিবাদে এমনই এক মিছিল হয়েছিল। সেই মিছিলেও ছিলেন কবি শঙ্খ ঘোষ। সে সময়ে পরিবর্তনপন্থী বুদ্ধিজীবীরা যেভাবে তত্কালীন সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন, ঠিক সেভাবেই আজ আবার পথে নেমেছেন তাঁরা।

রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, এই মিছিল পরোক্ষভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাড়া দিয়েছে। 

মিছিলে ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায়, সাহিত্যিক সমরেশ মজুমদার, দেবেশ রায়, অর্থনীতিবিদ অশোক মিত্র, চলচ্চিত্রকার তরুণ মজুমদার, নাট্য ব্যক্তিত্ব রুদ্র প্রসাদ সেনগুপ্ত, চন্দন সেন, সুমন মুখোপাধ্যায়, বাদশা মৈত্র, চিত্রকর সমীর আইচ, ওয়াসিম কাপুর, অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তীসহ কলকাতার বিশিষ্টজনেরা।

এই মিছিলে পশ্চিমবঙ্গের ৬০টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যোগ দেয়। মিছিলকারীরা পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নানা দিক তুলে ধরেন। তাঁরা রাজ্যে ধর্ষণ, খুন ও নারী নির্যাতন বন্ধের দাবি জানান। একই সঙ্গে তাঁরা কামদুনি, গেদে ও গাইঘাটার গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে মিছিলটি ধর্মতলায় পৌঁছালে পুলিশ মিছিলকারীদের আটকে দেয়। পরে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ধর্মতলায় এক প্রতিবাদ সমাবেশে যোগ দেন।