ধর্ষণ মামলায় জেলে গেলেন সাবেক ইসরায়েলি প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ মামলায় আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ড ভোগ করতে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট মোশে কাতসভকে। নিজ বাড়ি ছেড়ে রাজধানী তেল আবিবের কাছে একটি কারাগারে প্রবেশ করেন তিনি।মোশে কাতসভই ইসরায়েলের প্রথম কারাবরণকারী রাষ্ট্রপ্রধান।৬৬ বছর বয়সী কাতসভের বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশটির পর্যটনমন্ত্রী থাকার সময় এক নারী কর্মচারীকে দুবার ধর্ষণ এবং আরও দুই নারী কর্মচারীকে যৌন নির্যাতন ও হয়রানি করেন। তবে এসব অভিযোগ উত্থাপনের সময় তিনি দেশটির প্রেসিডেন্ট পদে ছিলেন। গুরুতর ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের জুন মাসে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন কাতসভ। আদালতে বিচার চলাকালে কাতসভ তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ বারবার অস্বীকার করেন। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এবং গণমাধ্যমের প্রচারণা তাঁকে ‘বিনা বিচারে প্রাণে মারার’ চেষ্টা করছে। প্রায় ১৮ মাসের বিচার শেষে গত বছরের ডিসেম্বর মাসে কাতসভকে ধর্ষণ, যৌন হয়রানি, অশোভন আচরণ ও বিচারকাজ বাধাগ্রস্ত করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাঁকে সাত বছরের কারাদণ্ড দেন। চলতি বছরের ৮ মে থেকে কাতসভের কারাজীবন শুরু হওয়ার কথা ছিল। তবে আপিলের মীমাংসা না হওয়া পর্যন্ত তাঁকে মুক্ত থাকার অনুমতি দেওয়া হয়েছিল।ইসরায়েলের সুপ্রিম কোর্ট গত মাসে কাতসভের আপিল আবেদন নাকচ করে তাঁকে দণ্ড ভোগ করতে ৭ ডিসেম্বর কারাগারে প্রবেশ করার নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের নির্দেশে গতকাল তিনি তেল আবিবের কাছে মাসিইয়াহু কারাগারে প্রবেশ করেন।কারাগারের উদ্দেশে তেল আবিবের দক্ষিণে নিজ শহর কিরইয়াত মালাচি ছাড়ার সময় সাংবাদিকদের কাছে আবারও নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন, কোনো প্রকার প্রমাণ ছাড়াই নিছক অনুমানবশত ইসরায়েল রাষ্ট্র তাঁকে দণ্ডিত করেছে; একজন মানুষকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে। একদিন এ সত্য বেরিয়ে আসবে। এএফপি ও বিবিসি অনলাইন।