যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা ধর্ষণবিরোধী আইন সংস্কারের অঙ্গীকার করেছেন। গত বুধবার আইনের ফাঁক গলে এক ব্যক্তির রেহাই পাওয়ার পরিপ্রেক্ষিতে আইনপ্রণেতারা এ অঙ্গীকার করেন।ক্যালিফোর্নিয়ায় ১৮৭২ সালের ধর্ষণবিরোধী আইনে বলা হয়েছে, কোনো পুরুষ যদি নিজেকে স্বামী হিসেবে উপস্থাপন করে কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু ছেলেবন্ধু হিসেবে উপস্থাপন করে সম্পর্ক স্থাপন করলে তা শাস্তিযোগ্য বলে বিবেচিত হবে না।সম্প্রতি অবিবাহিত এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করায় জুলিও মোরালেস নামের এক ব্যক্তির তিন বছর কারাদণ্ড হয়। এর বিরুদ্ধে আপিল করলে আদালত তাঁকে খালাস দেন। ওই নারীর অভিযোগ, তিনি তাঁর ছেলেবন্ধুর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছিলেন। ছেলেবন্ধু ওই কক্ষ থেকে বেরিয়ে গেলে তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় মোরালেস কক্ষে ঢুকে তাঁর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটান। তিনি তাঁর ছেলেবন্ধু মনে করে এতে সায় দেন। পরে বিষয়টি বুঝতে পারেন। এরপর তিনি আইনের আশ্রয় নেন। আদালতের রায়ে বলা হয়, মোরালেসের বিপক্ষে যে অভিযোগ, তা ধর্ষণের সংজ্ঞার মধ্যে পড়ে না। আইনপ্রণেতা কাচো আচাদজিন বলেন, তিনি অবশ্যই আইনের এই ফাঁক বন্ধে নতুন বিল আনবেন। বিবিসি।