ধর্ষণে ধ্বস্ত নারীদের ছায়া যিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে যুদ্ধ মনে হয় কখনো থামার নয়। যুদ্ধে প্রতিপক্ষকে ঘায়েল করার হাতিয়ারে পরিণত হয়েছে নারী ও শিশু ধর্ষণ। ছবি: রয়টার্স
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে যুদ্ধ মনে হয় কখনো থামার নয়। যুদ্ধে প্রতিপক্ষকে ঘায়েল করার হাতিয়ারে পরিণত হয়েছে নারী ও শিশু ধর্ষণ। ছবি: রয়টার্স

৩০ বছরের এক নারী হাসপাতালের বিছানায় শয্যাশায়ী ছিলেন। যখন শুনলেন, ডেনিস মাখওয়েজ (ইংরেজি উচ্চারণে) নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, তড়াক করে বিছানা থেকে নেমে নাচতে শুরু করলেন। হাসপাতালের সারা ওয়ার্ডে তখন তাঁর সঙ্গে তাল মিলিয়ে হর্ষধ্বনি ও হাততালি চলছিল। 

ওই ওয়ার্ডে যাঁরা চিকিৎসাধীন, তাঁরা কোনো সাধারণ রোগী নন, ধর্ষণের ভয়াবহতায় তাঁদের জীবন বিপন্ন। যুদ্ধ, সংঘাত, হানাহানিতে প্রতিপক্ষের ‘সহজ’ শিকার হিসেবে তাঁদের ধর্ষণের বীভৎসতার মধ্য দিয়ে যেতে হয়েছে।
ধর্ষণের ঘটনায় রক্তক্ষরণে অসুস্থ ওই নারী বলেন, ‘যখন আমি শুনলাম “পাপা” মাখওয়েজ নোবেল জিতেছেন, আমি এত খুশি হলাম যে আমাকে নাচতেই হলো। তিনি আমাদের সাহায্য করার জন৵ই নোবেল পেয়েছেন।’

এবার যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কঙ্গো প্রজাতন্ত্রের ডা. ডেনিস মাখওয়েজ এবং ইরাকের সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের নারী নাদিয়া মুরাদ। সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নাদিয়া মুরাদকে যৌন দাসী বানিয়ে রেখেছিল। বহু চড়াই-উতরাই পেরিয়ে তিনি আইএসের বন্দিদশা থেকে পালাতে পেরেছিলেন। সেই সময়টাকে নিয়ে ‘দ্য লাস্ট গার্ল’ নামে বই লিখেছেন। কারণ তিনি এমন ঘটনার মধ্য দিয়ে যাওয়া বিশ্বের শেষ নারী হতে চান।
এই দুই সাহসী ব্যক্তি তাঁদের ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধে ধর্ষণ যেন এক অনিবার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে। যুদ্ধে কীভাবে ধর্ষণকে দমন করা যায় সে লক্ষ্য নির্ধারণের উদ্যোগও নেওয়া হচ্ছে।

খুব বেশি দিন আগের কথা নয়। ১৯৯৯ সালে কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে ডা. মাখওয়েজ নিজের শহর বুকাভুতে পানজি নামের হাসপাতালটি স্থাপন করেন। তখন থেকে এ পর্যন্ত ওই এলাকায় যৌন সহিংসতার শিকার ৪০ হাজার নারীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এসব অপকর্ম যারা করে চলেছে, তারা প্রায় সবাই শাস্তির বাইরেই থাকছে।
বুরুন্ডি ও ফ্রান্সে প্রশিক্ষিত স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ মাখওয়েজের মতে, এই নোবেল পুরস্কার পাওয়ার ফলে তাঁর দেশের সরকারের জন্য দেশটিতে শান্তি বিরাজ করছে দাবি করা কঠিন হয়ে যাবে। তিনি বলেন, এখানে পদ্ধতি অনুসারে ধারাবাহিকভাবে ধর্ষণের ঘটনা ঘটছে।
ধর্ষণের শিকার নারীরা লজ্জায় চুপ থাকেন। নারী, শিশু এমনকি দুধের শিশুদের এমন বিরামহীন ধর্ষণের শিকার হওয়ার ঘটনা মাঝে মাঝে তাঁকে হতাশায় নিমজ্জিত করে। ১৮ মাস বয়সী ধর্ষণের শিকার এক শিশুর কথা মনে হলে এখনো তাঁর অসহায় লাগে। ওই ঘটনায় শিশুটির গ্রামের ৫০ জনকে তিনি হাসপাতালে ডেকে এনেছিলেন, তাদের অনুনয় করেছিলেন ধর্ষকদের খুঁজে বের করতে। ধর্ষকেরা ছিল প্রতিপক্ষ দলের, ওই অঞ্চলে একাধিক মিলিশিয়া গ্রুপের একটি। এমন কাণ্ড ঘটিয়ে তারা জঙ্গলে মিশে যায়, বছরের পর বছর ধরে এমন ঘটে চলেছে।

এবার নোবেল শান্তি পুরস্কার জয়ী ডা. ডেনিস মাখওয়েজ ও নাদিয়া মুরাদ। ছবি: এএফপি
এবার নোবেল শান্তি পুরস্কার জয়ী ডা. ডেনিস মাখওয়েজ ও নাদিয়া মুরাদ। ছবি: এএফপি

বিচারহীনতার সংস্কৃতির কারণে এ নৃশংসতার ঘটনাগুলো ঘটছে বলে দোষারোপ করেন ডা. মাখওয়েজ।

মাখওয়েজের পানজি হাসপাতালে চিকিৎসা নেওয়া এক নারী জানান, ২০ বছর বয়সে গ্রামের পথ দিয়ে আসার সময় তিনজন মিলিশিয়া তাঁকে ধর্ষণ করে। পরে স্বামীও তাঁকে ছেড়ে যায়। বেশির ভাগ প্রতিবেশী তাঁকে প্রত্যাখ্যান করে। তিন বছরের ভয়াবহ শারীরিক যন্ত্রণা ভোগের পর গির্জার কয়েকজন তাঁর জন্য অর্থ তুলে দেন, যাতে তিনি যাতায়াত ভাড়া দিয়ে মাখওয়েজের হাসপাতালে যেতে পারেন। তিনি জানান, মাখওয়াজে তাঁকে পরীক্ষা–নিরীক্ষা করার সময় তিনি খুবই লজ্জা পেয়েছিলেন। কিন্তু শিগগিরই তিনি বুঝতে পারেন মাখওয়েজ কতটা বন্ধুবৎসল। এই চিকিৎসকের প্রতি তাঁর অনেক কৃতজ্ঞতা যে তিনি এখনো এ হাসপাতালে থাকতে পারছেন।

সহিংসতার শিকার এ নারীদের পাশে থাকার জন্য কম ডা. মাখওয়েজকে কম দুর্ভোগ পোহাতে হয়নি। তাঁকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। হাসপাতাল প্রাঙ্গণে তিনি প্রায় বন্দী জীবন যাপন করেন। ২০১২ সালে তাঁকে হত্যার চেষ্টা করা হয়। পরিবার নিয়ে তিনি বেলজিয়ামে পালিয়ে যান। তাঁর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া রোগীরা তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য সমাবেশ করেন। কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলা ও জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান কি মুনের কাছে চিঠি লেখেন। তবে চিঠির কোনো উত্তর পাননি তাঁরা।
ওই সময়ের কথা বলতে গেলে গলা ধরে আসে মাখওয়েজের। তিনি বলেন, ‘তাঁরা (সাবেক রোগীরা) প্রতি শুক্রবার হাসপাতালে আসতে থাকেন এবং সবাই মিলে ৫০ ডলার করে দিয়ে যান। এই অর্থ তাঁরা ফল ও সবজি বিক্রি করে উপার্জন করেছেন। অথচ এই নারীদের দিনে উপার্জন এক ডলারেরও কম। আমার বিমান ভাড়ার জন্য এ অর্থ তাঁরা সংগ্রহ করেন। আমি চিন্তা করে দেখলাম, তাঁদের এ ত্যাগ আমার চেয়েও বড় এবং এ কারণে আমি ফিরে আসি।’

জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে ডা. মাখওয়েজ চলমান সংঘাত ও ধর্ষণের ঘটনায় কঙ্গো নেতাদের তুলোধুনো করার পর তাঁকে হত্যার চেষ্টা করা হয়। এমনকি তিনি নোবেল পুরস্কার পাওয়ার পরও সরকার তাঁর প্রশংসা করেনি।

নব্বই দশকে বসনিয়া যুদ্ধ ও রুয়ান্ডার গণহত্যার সময় লাখ লাখ নারী ধর্ষণের শিকার হয়েছেন। এসব সংঘাতের ঘটনায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যৌন অপরাধের বিচার শুরু করে। ২০০৮ সালে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ১৮২০ সিদ্ধান্ত অনুসারে, যুদ্ধের কৌশল হিসেবে যৌন সহিংসতার ঘটনাকে চিহ্নিত করা হয়। যুদ্ধে ধর্ষণ বন্ধে ২০১৪ সালে লন্ডনে অনুষ্ঠিত এক সম্মেলনে আয়োজকের ভূমিকায় ছিলেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ।

কঙ্গো প্রজাতন্ত্রের দক্ষিণ কিভুতে বুনইয়াকিরি শহরে ধর্ষণের শিকার এক নারীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন কয়েকজন। ছবি: ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) সৌজন্যে
কঙ্গো প্রজাতন্ত্রের দক্ষিণ কিভুতে বুনইয়াকিরি শহরে ধর্ষণের শিকার এক নারীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন কয়েকজন। ছবি: ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) সৌজন্যে

যুদ্ধের সময়ের কিছু সহিংসতার ব্যাপারে এখনো নজর দেওয়া হয় না। পুরুষ ও কম বয়সী ছেলেরাও এ ধরনের নির্যাতনের শিকার হন। সুইজারল্যান্ড সরকার ও জাতিসংঘের শরণার্থী–বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) সহায়তায় পরিচালিত অল সারভাইভরস প্রজেক্টের প্রতিষ্ঠাতা চারুলতা হগ বলেন, এ ইস্যুটি ‘আইন, নীতি ও মানবিক সংকটে সাড়া দেওয়ার প্রক্রিয়ায় একটি কালো দাগ’।
শ্রীলঙ্কায় ২৬ বছরের যুদ্ধে সেনা ক্যাম্পে পুরুষদেরও যৌন নির্যাতন করা হতো। ২০০৯ সালে শ্রীলঙ্কায় যুদ্ধ শেষ হয়। আইনে পুরুষদের ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি চিহ্নিত করা নেই, তাই তা নিষিদ্ধও হয়নি। যেসব দেশে পুরুষের সমকামিতা বৈধ, সেসব দেশে যে পুরুষেরা ধর্ষণের শিকার হয়েছেন তাঁরা এ কথা প্রকাশ করতে শুধু লজ্জাই পান না, ভয়ও পান। পাছে তাঁদের দুষ্কর্মের সহযোগী হিসেবে চিহ্নিত হতে হয়! তাই যুদ্ধে কত নারী ধর্ষণের শিকার হয়েছেন তার চেয়েও ধর্ষণের শিকার পুরুষদের সংখ্যা অনুমান করা কঠিন।
ইউএনএইচসিআরের তথ্য অনুসারে, জর্ডানে পুরুষদের ৩০-৪০ শতাংশ সিরিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে যৌন সহিংসতার শিকার হয়েছেন। সমস্যাটি চিহ্নিত করা শুরু হয়েছে। সাবেক যুগোস্লাভিয়ায় যুদ্ধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুরুষদের যৌন সহিংসতার বিষয়টিও বিচারের অন্তর্ভুক্ত করেন।

জাতিসংঘের জরিপে বলা হয়েছে, দক্ষিণ সুদানের জুবা ক্যাম্পে ৭০ শতাংশ নারীকে ধর্ষণ করা হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনী রোহিঙ্গা নারীদের ধর্ষণ করেছে। গত বছর সামরিক বাহিনীর তাণ্ডবে বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা পালিয়ে আসে। মিয়ানমারে ধর্ষণের ফলে গর্ভবর্তী হওয়া অনেক রোহিঙ্গা নারী বাংলাদেশের শরণার্থী শিবিরে সন্তান প্রসব করেছেন।
ধর্ষণকে যুদ্ধে প্রতিপক্ষকে ঘায়েল করার হাতিয়ার হিসেবে দেখা হয়। নেতারা তাঁদের লোকদের নির্দেশ দেন প্রতিপক্ষের লোকজনের মধ্যে ধর্ষণের মাধ্যমে আতঙ্ক তৈরি করার। নোবেল জয়ী নাদিয়া মুরাদের ধর্ষকেরা এমনই মতাদর্শের অনুসারী ছিল। তাদের লিখিতভাবেই স্পষ্ট করে বলা হয়েছে, আইএস জিহাদিরা দাসী রাখা ও ধরে আনা ‘বিধর্মী’ নারীদের ‘বিয়ে’ করার জন্য সম্পূর্ণ স্বাধীন। আইএস কমান্ডাররা এগুলোকে উৎসাহিত করেন। ইয়াজিদি পুরুষদের হত্যা করে ও নারীদের যৌন দাসী বানানোর মাধ্যমে ইয়াজিদি বিশ্বাস ভেঙে দেওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়। ‘জিহাদে অংশ নাও, যৌন দাসী পাও’—আইএসে যোগদানে এভাবেও উৎসাহিত করা হয়।

তবে যুদ্ধে ধর্ষণ যে সব সময় প্রতিপক্ষই করে তা নয়। সাধারণ নাগরিকদেরও ধর্ষণে অংশ নিতে দেখা যায়। পানজিতে চিকিৎসা নেওয়া ধর্ষণের শিকার নারী ও শিশুদের মধ্যে ৩৪ শতাংশ সাধারণ পুরুষদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন।
সামরিক ছত্রচ্ছায়াতেই সব ধর্ষণের ঘটনা ঘটে না। ১৯৮০ থেকে ২০১২ সালের মধ্যে হওয়া ৯১টি বড় ধরনের যুদ্ধের এক-তৃতীয়াংশ ক্ষেত্রে বড় ধরনের কোনো যৌন সহিংসতার ঘটনা ঘটেনি।
এল সালভাদরের যুদ্ধে ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের মিলিশিয়ারা খুব কমই ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। আর যারা ঘটিয়েছে তাদের গুরু শাস্তি পেতে হয়েছে। মিলিশিয়াদের সাধারণ মানুষের আশ্রয় ও গোয়েন্দা তথ্যের প্রয়োজন হতো, তারা লোকজনকে যুদ্ধে প্রশিক্ষণ দিত, খেপিয়ে তুলতে চাইত না। শ্রীলঙ্কায় তামিল টাইগাররা যৌন সহিংসতাকে নিষিদ্ধ করেছিল। উগান্ডায় দ্য ন্যাশনাল রেজিস্ট্যান্স আর্মিতে আচরণবিধি ছিল যে ‘নারীরা কোথাও কারও না–কারও স্ত্রী বা কন্যা’।
যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির এলিজাবেথ উডের মতে, ওই যুদ্ধগুলোতে এ ধরনের নিয়ম পালনে বাধ্য করার ইচ্ছা এবং নিয়ন্ত্রণ দুটোই ছিল কমান্ডারদের।

নিজের গড়ে তোলা পানজি হাসপাতালের সামনে ডা. ডেনিস মাখওয়েজ। ১৯ বছরে এ হাসপাতালে ৪০ হাজার ধর্ষণের শিকার নারীকে চিকিৎসা দেওয়া হয়েছে। ছবি: এএফপি
নিজের গড়ে তোলা পানজি হাসপাতালের সামনে ডা. ডেনিস মাখওয়েজ। ১৯ বছরে এ হাসপাতালে ৪০ হাজার ধর্ষণের শিকার নারীকে চিকিৎসা দেওয়া হয়েছে। ছবি: এএফপি

যুদ্ধের সময়ের ধর্ষণকে বিশ্ব ব্যাপকভাবে নিরূপণ করতে যুদ্ধনেতাদের বিচারের মুখোমুখি করার চেষ্টা করছে। উচ্চপর্যায়ের নেতাদের বিচারের ক্ষেত্রে কোটি কোটি ডলার খরচ করেও ব্যর্থ হতে হয়েছে। প্রতিষ্ঠার ২০ বছর পরও যুদ্ধাপরাধ হিসেবে যৌন সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাউকে শাস্তি দিতে পারেননি। কঙ্গোর এক যুদ্ধবাজ নেতাকে আটক করা হয় জুনে। (তবে বাংলাদেশে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতাসহ কয়েকজনের ফাঁসি কার্যকর করেছে ও কারাদণ্ড দিয়েছেন। যুদ্ধাপরাধের মধ্যে ধর্ষণও ছিল।)

তবে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) তথ্য অনুসারে, ধর্ষণের শিকার নারীদের অনেকের ধর্ষকদের বিচারের মুখোমুখি করার চেয়ে খাদ্য ও আশ্রয়ের দুশ্চিন্তায় ভুগতে হয়। তাঁদের অপমানজনক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, সামাজিকভাবে বর্জন করা হয় তাঁদের, পরিবারও তাঁদের ত্যাগ করে। তাঁদের সুরক্ষারও প্রয়োজন হয়। কারণ যুদ্ধে শেষেও ধর্ষণের উচ্চ প্রবণতা দেখা দেয়।

ডা. মাখওয়েজ বলেন, তিনি তাঁর লড়াই চালিয়ে যেতে চান, এমনকি সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যেও। তাঁর মনের ভেতর এমন অদম্য ইচ্ছাশক্তির বীজ বপনের জন্য তাঁর রোগীদের কাছে তিনি কৃতজ্ঞ।
তাঁর এক রোগী জানান, ধর্ষণের শিকার হয়ে শরীরে অনেক যন্ত্রণা নিয়ে যখন ডা. মাখওয়েজের হাসপাতালে তিনি পৌঁছান, তখন তিনি এতটাই অসুস্থ ছিলেন যে উঠানে থাকা একটি গাছের ওপর হেলে পড়েছিলেন। আজ তিনিই ভবিষ্যতের মুখোমুখি হওয়ার জন্য যথেষ্ট শক্তি সঞ্চয় করেছেন। তিনি বলেন, ‘নিজের সমাজে যেদিন ফিরে যাব, সেদিন গ্রামের পথে হেঁটে প্রত্যেককে দেখাব যে আমি বেঁচে আছি। আমি তাদের দেখাব, ধর্ষণের পরও জীবন থাকে।’

সূত্র: ইকোনমিস্ট