ধর্ষণের অপরাধে চীনা জেনারেলপুত্রের সাজা
চীনে ধর্ষণের অপরাধে সেনাবাহিনীর এক জেনারেলের ছেলেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজধানী বেইজিংয়ের একটি আদালত গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।
বেইজিংয়ের একটি হোটেলে গত ফেব্রুয়ারিতে একজন নারী ধর্ষণের শিকার হন। জেনারেলের ছেলে ১৭ বছর বয়সী লি তিয়ানি ওই ঘটনায় জড়িত বলে অভিযুক্ত চারজনের অন্যতম। অন্য তিনজনও অপ্রাপ্তবয়স্ক। তাদের ৩ থেকে ১২ বছর পর্যন্ত কারাদণ্ড হয়েছে।
সংবাদমাধ্যম সূত্র জানায়, আদালতে শুনানিকালে তিয়ানি ওই নারীর সঙ্গে কোনো ধরনের শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ অস্বীকার করে। তিয়ানি বলে, ঘটনার সময় সে মাতাল ছিল এবং কোনো কিছুই জানে না। সে নিপীড়িত ওই নারীকে একজন যৌনকর্মী হিসেবে উল্লেখ করে।
তিয়ানির বাবা লি শুয়াংজিয়াং চীনা সামরিক বাহিনীতে জেনারেল সমমর্যাদার পদে কর্মরত। তিনি সেনাবাহিনীর একাডেমি অব আর্টসের ডিন এবং দেশাত্মবোধক গানের শিল্পী হিসেবে পরিচিত। তাঁর স্ত্রী মেং গেও একজন সংগীতশিল্পী।
গণধর্ষণের মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। চীনে অভিজাত পরিবারের লোকজনের অপরাধ করেও বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার নজির রয়েছে। তাই ধারণা করা হচ্ছে, তিয়ানিও এই দণ্ডাদেশ এড়ানোর চেষ্টা করবে। এএফপি।