ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার নারী ক্রীড়াবিদ!
২০০৬ সালে দোহায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলে দৌড়ে স্বর্ণপদক জয় করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের নারী অ্যাথলেট পিংকি প্রামাণিক। ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।পিংকির সাবেক এক সঙ্গিনী অভিযোগ করছেন, তাঁকে একাধিকবার ধর্ষণ ও নির্যাতন করেছেন পিংকি। তিনি আসলে একজন পুরুষ। কলকাতায় তাঁরা দীর্ঘদিন একসঙ্গে বসবাস করেন।পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাগুইআটি থানার পুলিশের কর্মকর্তা প্রবীর রায় জানান, পিংকিকে গতকাল শুক্রবার আদালতে হাজির করার কথা। তাঁকে গ্রেপ্তার করে সরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তারি পরীক্ষা করানোর ব্যাপারে পিংকি আপত্তি জানান।পিংকি প্রামাণিক বলেন, ‘ক্রীড়াবিদ থাকাকালে বহুবার ডাক্তারি পরীক্ষা করিয়েছি। এখন আবার এসব হাস্যকর পরীক্ষা দিতে কেন রাজি হব? আমি আসলে ষড়যন্ত্রের শিকার। আমার কাছে তিন লাখ রুপি দাবি করেছিল এক নারী। ওই অর্থ দিতে রাজি না হওয়ায় সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে।’২০০৬ সালের এশিয়ান গেমসে স্বর্ণপদক ও একই বছর কমনওয়েলথ গেমসে রৌপ্যপদক জয় করেন পিংকি। প্রতিযোগিতামূলক খেলা থেকে ২০০৭ সালে অবসর নেন তিনি। ভারতের অ্যাথলেটিকস ফেডারেশনের সচিব সি কে ভালসন বলেছেন, বিষয়টি নিষ্পত্তির জন্য ডাক্তারি পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পিংকি পুরুষ হওয়ায় নাকি হরমোনজনিত সাময়িক শারীরিক পরিবর্তনের কারণে ওই ধর্ষণের অভিযোগ উঠেছে, তা স্পষ্ট নয়। এএফপি, বিবিসি।