উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবী বালতাসার গার্জন বলেছেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগের বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। এই তথ্য প্রকাশ করা হলে সবাই বিস্মিত হবেন।অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এক সম্মেলনে অংশ নিতে গিয়ে বাল্টাসার সাংবাদিকদের এ কথা জানান। অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জের বিষয়ে অস্ট্রেলীয় সরকারের অবস্থান ‘সম্পূর্ণ নেতিবাচক’ বলেও অভিযোগ করেন তিনি।বালতাসার বলেন, সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে, সে সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। কিন্তু এই মুহূর্তে সেই তথ্য ফাঁস করবেন না। ওই তথ্য প্রকাশ হলে তা সবার কাছে বড় ধরনের বিস্ময় হয়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি।অ্যাসাঞ্জের বিষয়ে অস্ট্রেলিয়ার অবস্থানের কঠোর সমালোচনা করেন বালতাসার। তিনি বলেন, অস্ট্রেলিয়ার কাছে অ্যাসাঞ্জের পক্ষে কূটনৈতিক সহায়তা চেয়ে ১৫ দিন আগে চিঠি পাঠানো হয়। কিন্তু অস্ট্রেলিয়া সরকার বিষয়টি এড়িয়ে যায়। বালতাসারের অভিযোগ, অ্যাসাঞ্জ প্রশ্নে অস্ট্রেলিয়ার অবস্থান একেবারেই নেতিবাচক। অ্যাসাঞ্জের সঙ্গে এখনো অস্ট্রেলিয়ার কেউ দেখা পর্যন্ত করেনি।সুইডেনে প্রত্যর্পণ এড়াতে অ্যাসাঞ্জ গত ১৯ জুন লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। ইকুয়েডর তাঁকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হলে দেশটির সঙ্গে যুক্তরাজ্য ও সুইডেনের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।অ্যাসাঞ্জ ও তাঁর সমর্থকদের আশঙ্কা যুক্তরাজ্য অ্যাসাঞ্জকে সুইডেনে প্রত্যর্পণ করলে সুইডেন তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠাবে। যুক্তরাষ্ট্র তার লাখ লাখ গোপন নথি ফাঁস করার দায়ে অ্যাসাঞ্জকে মৃত্যুদণ্ড দেবে। এএফপি।