ধর্ষণের ঘটনায় মাথা হেঁট হয়: সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন, ‘অব্যাহত ধর্ষণ ও নারীদের নিপীড়নের ঘটনায় লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে আসে।’গতকাল শুক্রবার হরিয়ানায় ভগত ফুল সিং মহিলা ইউনিভার্সিটির সমাবর্তন ও উইমেনস মেডিকেল কলেজের একটি অনুষ্ঠানে এ কথা বলেন সোনিয়া। তিনি বলেন, ‘সারা দেশে এ ধরনের ঘটনা (ধর্ষণ ও নারী নিপীড়ন) ছড়িয়ে পড়েছে। ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে আসে।’কংগ্রেস সভাপতি নারীদের বিপদে ভেঙে না পড়ার এবং সাহসিকতার সঙ্গে বিপদ মোকাবিলা করার আহ্বান জানান। তিনি বলেন, ভারতের সব দায়িত্বশীল পর্যায়ে নারীদের অংশগ্রহণ প্রয়োজন।নারীদের নিরাপত্তা ও আর্থসামাজিক ক্ষেত্রে তাঁদের ক্ষমতাবান করার লক্ষ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের গৃহীত বেশ কিছু পদক্ষেপের কথা উল্লেখ করে সোনিয়া বলেন, নারী নিপীড়ন বন্ধে শিগগিরই বিল পাস হচ্ছে। এ ছাড়া পৈতৃক সম্পত্তিতে নারীদের অধিকার এবং যৌন হয়রানি ও পারিবারিক নির্যাতন বন্ধেও একটি বিল আনা হয়েছে।নারী দিবসে নারীদের অভিনন্দন জানিয়ে সোনিয়া আরও বলেন, ‘ধর্ষণ ও নারীদের বিরুদ্ধে অন্যান্য অপরাধ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটা শিক্ষিত নারী সমাজের দায়িত্ব। সামাজিক এই অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।’ দ্য হিন্দু।