ধর্ষণের প্রতিবাদে কাশ্মীরে ধর্মঘট
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল শনিবার সাধারণ ধর্মঘটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দুই সেনার বিরুদ্ধে একজন নারীকে ধর্ষণের অভিযোগ তুলে এ ধর্মঘটের ডাক দেয় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা। ধর্মঘটে গতকাল শ্রীনগরের অধিকাংশ দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন কার্যালয় বন্ধ ছিল। সড়কে তেমন যান চলাচল করতে দেখা যায়নি। মুসলিম অধ্যুষিত অন্য শহরগুলোতেও একই চিত্র দেখা যায়। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।গত শুক্রবার জুমার নামাজের পর ক্ষুব্ধ জনতা একটি সরকারি গাড়ি পুড়িয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে বিচ্ছিন্নতাবাদীরা এক দিনের সাধারণ ধর্মঘটের ডাক দেয়। তারা ধর্ষণ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে। জাতিসংঘ বা কোনো মানবাধিকার সংস্থার মাধ্যমে এ তদন্ত পরিচালনার দাবি করা হয়।কট্টরপন্থী বিচ্ছিন্নতাবাদী বলে পরিচিত সাইদ আলী জিলানি অভিযোগ করেন, ‘ভারতীয় সেনারা ধর্ষণকে এখানে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাদের মুখোশ আবারও উন্মোচিত হয়েছে।’ এএফপি।