ধর্ষণের ভয়ে তাঁরা ভারত থেকে দূরে
ভারতে অহরহ ধর্ষণের ঘটনায় বিদেশিদের কাছে দেশটি সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল গতকাল মঙ্গলবার বিষয়টি উল্লেখ করে বলেন, সম্ভবত এ কারণে মার্কিন শিক্ষার্থীরা ভারতে পড়তে আসছেন না।
আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল ঝাড়খন্ড সফরের সময় শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
রাঁচির জেভিয়ার ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের শিক্ষার্থীরা ন্যান্সি পাওয়েলের কাছে জানতে চান, মার্কিন শিক্ষার্থীরা কেন ভারতে পড়তে আসেন না।
জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ব্যক্তিগত নিরাপত্তার উদ্বেগ ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় মার্কিন শিক্ষার্থীরা ভারতে আসছেন না। তবে বিভিন্ন কারণের মধ্যে এটি একটি মাত্র কারণ।
মার্কিন রাষ্ট্রদূতের এই অভিমতের সঙ্গে শিক্ষার্থীরাও একমত পোষণ করে বলেছেন, রাস্তাঘাটে চলার সময় তাঁরাও যৌন হয়রানির শিকার হন।
ভারতে শিক্ষাসফর শেষে গত বছর যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী সিএনএনের ব্লগে লেখেন, ভারত রোমাঞ্চ ও সৌন্দর্যে ভরপুর। তবে নির্মম যৌন হয়রানিও রয়েছে।