ধর্ষণের শিকার হন জুমার স্ত্রী!
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার স্ত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন৷ অপরাধীরা নিরাপত্তাবেষ্টনী ভেঙে বাড়িতে ঢুকে ওই ঘটনা ঘটিয়েছিল৷ প্রেসিডেন্ট জুমা নিজেই গত সোমবার এক সাংবাদ সম্মেলনে এ কথা বলেছেন৷ করদাতাদের দেওয়া বিপুল অর্থ ব্যয়ে নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ করার যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি নিজের পরিবারের এ তথ্য প্রকাশ করেন৷
জুমা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ২০০৯ সালে৷ তার আগেই ওই ঘটনা ঘটেছিল৷ তখন তিনি সপরিবারে বাস করতেন কাবাজুলু-নাতাল প্রদেশের এনকান্দলা এলাকায়৷ ওই ঘটনা এত দিন গোপন রাখা হলেও অপরাধীদের ‘গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত’ করা হয়েছিল বলেও জানান প্রেসিডেন্ট জুমা৷
অবশ্য, ওই সময় জুমার যে চারজন স্ত্রী ছিলেন, তাঁদের মধ্যে কে ধর্ষণের শিকার হয়েছিলেন, তা বলেননি তিনি৷ তাঁর ওই চার স্ত্রীর মধ্যে একজন ইতিমধ্যে আত্মহত্যা করেছেন৷ আরেক স্ত্রী আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন এনকোসাজানা ডিলামিনিকে তিনি তালাক দিয়েছেন৷
দক্ষিণ আফ্রিকায় আজ বুধবার প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে৷ নির্বাচনকে সামনে রেখে নিজের নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ করতে বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় করা নিয়ে তিনি কড়া সমালোচনার মুখে পড়েছেন৷ প্রাপ্ত তথ্য মোতাবেক, নিরাপত্তার নামে নিজ বাড়িতে হেলিপ্যাড নির্মাণ, ব্যক্তিগত ক্লিনিক স্থাপন, একটি সুইমিংপুল নির্মাণসহ বিভিন্ন কাজে তিনি দুই কোটি ৩০ লাখ মার্কিন ডলার ব্যয় করেছেন৷ এসব অর্থ ফেরত দেওয়ারও দাবি উঠেছে৷ অবশ্য জুমার বিরুদ্ধে এমন অভিযোগ উঠলেও তিনি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন বলে আভাস মিলছে৷
দক্ষিণ আফ্রিকার আলোচিত আর্চ বিশপ ডেসমন্ড টুটুও বেশ কিছুদিন ধরে এএনসির সমালোচনায় সরব৷ ফলে, দেশটির তরুণ ভোটারদের সমর্থন হারাচ্ছে এএনসি৷ এর পরও নির্বাচনে এএনসি ৬৩ শতাংশ ভোট পাবে বলে সর্বশেষ জনমত জরিপে আভাস পাওয়া গেছে৷ এএফপি৷