ধর্ষণের হুমকি দেওয়ায় তাপসকে গ্রেপ্তারের দাবি

বিরোধী কর্মীদের হত্যা ও তাঁদের নারী স্বজনদের ধর্ষণের হুমকি দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টালিউড তারকা তাপস পাল। তাঁকে গ্রেপ্তারের দাবি উঠেছে।
পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌমাহা গ্রামে সম্প্রতি এক সভায় ওই হুমকি দেন তাপস। তাঁর বক্তব্যের ভিডিও গতকাল সোমবার প্রচারিত হয়।
ওই ভিডিওতে তাপসকে বলতে দেখা যায়, ‘আমি চন্দননগরের ছেলে। অনেক রংবাজি করেছি। আমি প্রচুর মাস্তানি করেছি। আমি পকেটে মাল নিয়ে ঘুরি। আমি নিজে রিভলভার দিয়ে গুলি করে চলে যাব। সিপিএমকে গুলি করে মারব। আমার মা, বোন, বাবা, বাচ্চা কারোর গায়ে যদি হাত পড়ে, আমি ছেড়ে কথা বলব না। বাড়ি বাড়ি ঢুকে ছেলে পাঠিয়ে রেপ করে দেব। তৃণমূলের কারোর গায়ে যদি কোনো সিপিএম হাত দেয়, তবে তাঁদের গুষ্টি শেষ করে দেব। বাড়িঘর জ্বালিয়ে দেব।’
তাপসের এই বক্তব্যের নিন্দা জানিয়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। বিষয়টি ভারতের লোকসভার স্পিকারের কাছেও তোলা হচ্ছে। জাতীয় মহিলা কমিশনের কাছেও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে।
তাপসের বক্তব্যের নিন্দা জানিয়েছে তৃণমূল। বক্তব্যের জন্য তাঁর কাছে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চেয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের এই সাংসদ আজ মঙ্গলবার সকাল পর্যন্ত তাঁর বক্তব্যের জন্য কোনো দুঃখ প্রকাশ করেননি বা ক্ষমা চাননি। তবে স্বামীর দেওয়া বক্তব্যের জন্য স্ত্রী নন্দিনী পাল আজ ক্ষমা চেয়েছেন।
আত্মপক্ষ সমর্থন করে গতকাল সোমবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে তাপস বলেন, ‘আপনি যখন দেখবেন, কোনো গর্ভবতী মা নির্যাতিত হয়েছেন, কোনো পুরুষের হাত কেটে দেওয়া হয়েছে, আপনি তখন রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন না।’
বিশিষ্ট সমাজকর্মী ও পুলিশের সাবেক কর্মকর্তা কিরণ বেদি বলেন, তাপস যেভাবে নারীদের হুমকি দিয়েছেন, তাতে অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করা উচিত।
কংগ্রেস মুখপাত্র মনীশ তিওয়ারি, বিজেপির মুখপাত্র রাজীব প্রতাপ রুডিও এই ঘটনার তীব্র সমালোচনা করে তাপসের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, আমার ভাবতে কষ্ট হয়, দলের প্রধান একজন নারী হওয়া সত্ত্বেও কীভাবে তাঁর দলেরই একজন সাংসদ এসব অশালীন মন্তব্য করতে পারেন। অবিলম্বে তাঁকে সরিয়ে দেওয়া উচিত।
সিপিএম নেত্রী বৃন্দা কারাত বলেছেন, এই অশালীন মন্তব্য মেনে নেওয়া যায় না। বিষয়টি তিনি লোকসভার স্পিকারের কাছে তুলে ধরবেন। তুলে ধরবেন জাতীয় মহিলা কমিশনেও।
তাপস পাল বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা। মমতার দল থেকে নদীয়ার কৃষ্ণনগর আসন থেকে দ্বিতীয় দফায় সাংসদ হয়েছেন তিনি।