
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের কেনসিংটনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কার্যত কয়লা হয়ে যাওয়া ২৪ তলা আবাসিক ভবনে পুরোপুরি তল্লাশি চালাতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনটি ধসে পড়ার আশঙ্কার কারণে তাঁদের অভিযান ব্যাহত হচ্ছে। লন্ডন পুলিশের প্রধান গতকাল বৃহস্পতিবার বলেছেন, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসী তৎপরতার কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
এদিকে মঙ্গলবার রাতের এ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ১২ জন থেকে বেড়ে ১৭ জনে উন্নীত হয়েছে। এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এ অগ্নিকাণ্ডের ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দেন। তিনি বলেন, কীভাবে এ ঘটনা ঘটল, তা যথাযথভাবে খতিয়ে দেখতে এ তদন্ত প্রয়োজন।
লন্ডন ফায়ার সার্ভিসের প্রধান ড্যানি কটন গতকাল বলেন, গ্রেনফেল টাওয়ার নামের ওই ভবন পুড়ে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে যে এর নিচে যাওয়া তাঁর কর্মীদের জন্য নিরাপদ নয়। তাঁর কথায়, ‘এ মুহূর্তে ভবনটির অভ্যন্তরীণ কাঠামোর কিছু অংশ নিরাপদ নয় বলে মনে করা হচ্ছে। তবু গত রাতে আমাদের ফায়ার সার্ভিসের অনেক কর্মী ভবনের একেবারে ওপরের তলায় সংক্ষিপ্ত অনুসন্ধান চালিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা নিবিড় তল্লাশি চালাতে পারছি না। ভবনটিকে নিরাপদ করা সম্ভব না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলতে পারি না।’
ড্যানি কটন জানান, গতকালই অবকাঠামো পরিদর্শক এবং অনুসন্ধান ও উদ্ধারকাজের বিশেষজ্ঞদের ভবনটি পরিদর্শন করার কথা।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট কান্ডির বরাত দিয়ে এএফপি বলেছে, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
৬০০ থেকে ৮০০ লোকের আবাস গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে স্থানীয় সময় গত মঙ্গলবার রাত একটার দিকে। ভবনটিতে অন্তত ১২০টি ফ্ল্যাট রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস বলেছে, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ভবনের বেশ কিছুসংখ্যক বাসিন্দা নিখোঁজ ছিলেন।
১৯৭৪ সালে নির্মিত ভবনটি গত বছর ১ কোটি ১০ লাখ ডলার ব্যয়ে সংস্কার করা হয়। সংস্কারকাজের সময় দেয়ালে ব্যবহৃত উজ্জ্বল হলুদ রঙের আবরণী আগুন অস্বাভাবিক দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে সাহায্য করে থাকতে পারে বলে মনে করছেন কেউ কেউ। বহুতল ভবনটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে কয়েকবার প্রশ্ন তুলেছিলেন এলাকাবাসী।
লন্ডনে ভবনে অগ্নিকাণ্ড
বাসিন্দা : ৬০০-৮০০
আবাসিক তলা : ২০টি
৪টি তলা মিশ্র : অফিস-বাসা-
কমিউনিটি এলাকা
আগুন লাগে : ৪র্থতলায়
ভবন নির্মাণ : ১৯৭৪
সংস্কারকাজ : ২০১৬