ধাক্কা খেল ভারতের রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির মহাকাশ ও প্রতিরক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ফিনমেককানিকার কাছ থেকে হেলিকপ্টার ক্রয়ে দুর্নীতির অভিযোগ ভারতের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। ফিনমেককানিকার প্রধান জুজেপ্পে অরসির গ্রেপ্তারের ঘটনা নয়াদিল্লিতে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। একের পর এক কেলেঙ্কারিতে টালমাটাল হয়ে পড়েছে ক্ষমতাসীনেরা। আগামী সাধারণ নির্বাচনের মাত্র এক বছর আগে এই কেলেঙ্কারি ১৯৮০-এর দশকের বোফর্স কেলেঙ্কারির কথাই মনে করিয়ে দিচ্ছে।প্রতিরক্ষা চুক্তি নিয়ে দুর্নীতি ভারতের পূর্ববর্তী কোনো সরকারকেই রেহাই দেয়নি। সর্বনাশ ডেকে এনেছে। এর মধ্যে বোফর্স কেলেঙ্কারি সবচেয়ে বেশি আলোচিত। ওই কেলেঙ্কারির কারণে ১৯৮৯ সালের নির্বাচনে ভরাডুবি হয়েছিল তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর। ভারতীয় বিমানবাহিনীর এলিট স্কোয়াড্রনের জন্য ১২টি এ ডব্লিউ-১০১ হেলিকপ্টার কিনতে ২০১০ সালের ফেব্রুয়ারিতে দেশটির কেন্দ্রীয় সরকার ইতালীয় প্রতিষ্ঠান ফিনমেককানিকার সঙ্গে ৭৫ কোটি ২০ লাখ ডলারের চুক্তি করে। এ স্কোয়াড্রন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিবহন করার দায়িত্বে নিয়োজিত।প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, চুক্তিটি পেতে ফিনমেককানিকা পাঁচ কোটি ১০ লাখ ইউরো (ছয় কোটি ৮০ লাখ ডলার) ঘুষ দিয়েছে। অভিযোগ উঠেছে, ভারতের সাবেক বিমানবাহিনীর প্রধান এস পি তায়েগির এক আত্মীয়কে এই অর্থ দেওয়া হয়েছে। ইতালির তদন্তকারীরা সে দেশের আদালতে দাখিল করা প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এস পি তায়েগির বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। তবে ওই চুক্তি করতে নিজে কিংবা তাঁর কোনো আত্মীয় ঘুষ নিয়েছেন, এমন অভিযোগ নাকচ করে দেন তায়েগি।দিল্লিভিত্তিক সেন্টার ফর দ্য স্ট্যাডি অব ডেভেলপমেন্ট সোসাইটিজের সঞ্জয় কুমার বলেন, ‘২০১৪ সালের সাধারণ নির্বাচনে বড় ইস্যু হতে পারে এই কেলেঙ্কারি।’দুর্নীতির পক্ষে ইতালীয় কর্তৃপক্ষ পর্যাপ্ত তথ্য-উপাত্ত হাজির করলেও ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি এই কেলেঙ্কারির তদন্তের নির্দেশ দিতে অনেক দেরি করেছেন। এ কেলেঙ্কারি নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশের প্রায় এক বছর পর চলতি সপ্তাহে ঘটনাটি তদন্তে পুলিশকে নির্দেশ দেন তিনি। এই তদন্তে ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও ফেঁসে যেতে পারেন। কেননা চুক্তিটির গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুমোদনের সময় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন প্রণব।ঘুষ লেনদেন নিয়ে চারদিকে তীব্র সমালোচনার মুখে ভারত সরকার চুক্তি অনুযায়ী ফিনমেককানিকাকে অর্থ পরিশোধের শর্ত বাতিল করেছে এবং চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে একটি আনুষ্ঠানিক নোটিশ দিয়েছে। কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞ সি উদয় ভাস্কর বলছেন, এই চুক্তি বাতিল করায় ক্রেতা হিসেবে ভারতের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। তা ছাড়া আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনেও এর প্রভাব পড়বে। ঢাকা পড়ে যেতে পারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আসন্ন ভারত সফরও। আগামী সোমবার দিল্লিতে এসে পৌঁছার কথা ক্যামেরনের।