ধাক্কা খেল রেকর্ড গড়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশান্ত মহাসাগর অতিক্রম করে রেকর্ড গড়ার চেষ্টায় ধাক্কা খেয়েছে সোলার ইমপালস-টু। খারাপ আবহাওয়ার কারণে জাপানে গিয়ে অবতরণ করতে বাধ্য হয়েছে সৌরশক্তিচালিত উড়োজাহাজটি। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে যাওয়ার জন্য গত রোববার চীনের নানজিং থেকে পাখা মেলে সোলার ইমপালস-টু। হাওয়াই পৌঁছাতে উড়োজাহাজটির ছয় দিন লাগার কথা ছিল। তবে আকাশের অবস্থা ভালো না হওয়ায় উড্ডয়ন শুরুর ৩৬ ঘণ্টার মাথায় যাত্রাপথ পরিবর্তন করে এটিকে জাপানে অবতরণ করান পাইলট। এখন পরিষ্কার আকাশ পেলেই কেবল নতুন করে যাত্রা শুরু করা হবে।
মোনাকোতে এই মিশনের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা বারট্রান্ড পিকার্ড বলেন, ‘আমরা দুঃসাহসী নই। আমরা অভিযাত্রী। আমাদের অগ্রাধিকারের মধ্যে সবার আগে রাখতে হবে নিরাপত্তার বিষয়টি। উড়োজাহাজটি নিয়ে সবাই খুশি। তবে আবহাওয়া অনুকূল নয়। আমরা নাগোয়াতে (জাপানের মধ্যাঞ্চলের উপকূলীয় শহর) অবতরণ করেছি। পুনরায় যাত্রার আগে ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করব।’
পুরো বিশ্ব প্রদক্ষিণ করার এই মিশনে প্রশান্ত মহাসাগর অতিক্রম ছিল সোলার ইমপালস-টুর উড্ডয়নপথের সপ্তম ধাপ। এই প্রথম সম্পূর্ণভাবে সৌরশক্তিচালিত কোনো উড়োজাহাজ এমন মিশনে নেমেছে। গত ৯ মার্চ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ওমানের মাসকটে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় এই মিশন। এরপর ভারতের আহমেদাবাদ, বারানসি, মিয়ানমারের মান্ডালয় এবং চীনের চোংগিং ও নানজিং শহরে পৌঁছানোর ধাপগুলো কমবেশি সফলভাবেই শেষ করে উড়োজাহাজটি।
তবে নানজিং থেকে হাওয়াই দ্বীপপুঞ্জের কালাইলোয়া শহরে যাওয়ার ধাপটাই উড়োজাহাজটির জন্য সবচেয়ে বড় পরীক্ষা।