ধানের জন্মগত ক্রমবিন্যাস সংরক্ষণের উদ্যোগ
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও ম্যানিলা-ভিত্তিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) ধানের জন্মগত ক্রমবিন্যাস (জিনোম সিকোয়েন্স) সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের ফলে তিন হাজারের মতো ধানের প্রজাতির জন্মগত ক্রমবিন্যাস এখন থেকে এফএওর কাছে রক্ষিত থাকবে। বর্তমানে রোমে এফএওর পরিচালনা পর্ষদের যে বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে তাতে এই ঘোষণা আসছে।
এত দিন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ যার যার নিজস্ব শস্য সংরক্ষণাগারে ধানের জেনেটিক উপাদান সংরক্ষণ করে আসছিল। ধানের জন্ম-সংক্রান্ত সব তথ্য-উপাত্ত কোনো অভিন্ন সংগ্রহশালায় না থাকায় বিজ্ঞানীদের পক্ষে ধান নিয়ে গবেষণা কঠিন ছিল। ধান বিশ্বের অর্ধেক মানুষের প্রধান খাদ্য। এফএও মনে করে, বিশ্বের সব ধান গবেষণা সংস্থা নিজেদের গবেষণাকাজে এক জায়গায় সংরক্ষিত তথ্য ব্যবহারে সক্ষম হবে। এর ফলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বিজ্ঞানীদের গবেষণায় নতুন শক্তি সঞ্চার হবে।
জিনোম সিকোয়েন্স বিষয়ে অবহিত হওয়ার ফলে বিজ্ঞানীরা যেকোনো জীবন্ত উদ্ভিদের শুধু জন্মরহস্য নয়, কীভাবে তা বেড়ে ওঠে ও পরিবেশ তার ওপর কী প্রভাব ফেলে, সে বিষয়ে মূল্যবান তথ্য পেতে পারেন। প্রতিটি ধানগাছের জন্মগত ক্রমবিন্যাসে প্রায় চার লাখ ‘অক্ষর’ রয়েছে। বিজ্ঞানীরা আশা করছেন, ধানের জন্মগত ক্রমবিন্যাস বিষয়ে অব্যাহত গবেষণার মাধ্যমে ভবিষ্যতে এমন ধানের বীজ আবিষ্কার সম্ভব হবে, যা শুধু উচ্চফলনশীলই নয়, বৈরী জলবায়ুতেও অক্ষত থাকবে।