চাঁদে যতটুকু পানি আছে বলে এত দিন যে ধারণা করা হয়েছে, বাস্তবে এব চেয়ে অনেক বেশি পানি রয়েছে। তা হতে পারে ধারণার চেয়ে ১০০ গুণ বেশি। নতুন এক গবেষণার ফলাফলের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিজ্ঞানীরা এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অর্থায়নে কেস ওয়েস্টান রিজার্ভ বিশ্ববিদ্যালয়, কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্স এবং ব্রাউন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এ গবেষণা করছেন। তাঁদের এই গবেষণাবিষয়ক নিবন্ধ গত বৃহস্পতিবার সায়েন্স এক্সপ্রেস-এ প্রকাশিত হয়েছে।কয়েক বছর আগে চাঁদে জমাট বরফের আকারে পানির অস্তিত্ব থাকার ব্যাপারে তথ্য দেন বিজ্ঞানীরা। এর আগে পৃথিবীর উপগ্রহ চাঁদ সম্পর্কে প্রচলিত ধারণা ছিল, এটি শিলাময় এবং এতে পানির অস্তিত্ব নেই।১৯৭২ সালে নভোযান অ্যাপোলো-১৭-এর অভিযানের সময় চাঁদ থেকে স্ফটিকের মতো যে শিলাখণ্ড নিয়ে আসা হয়, তা পরীক্ষা করে বিজ্ঞানীরা বলেন, চাঁদে আগের ধারণার চেয়ে ১০০ গুণ বেশি পানি থাকতে পারে। ৩৭০ কোটি বছর আগে বিস্ফোরণ ও অগ্ন্যুৎপাতের সময় ওই শিলাখণ্ড সৃষ্টি হয়।কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের অধ্যাপক এবং গবেষণাপত্রের একজন লেখক জেমস ভান অরম্যান বলেন, ‘চাঁদের শিলাস্তরের অভ্যন্তরে পানির উপস্থিতি পরিমাপের ক্ষেত্রে ওই শিলাখণ্ডের নমুনাটি দারুণ সহায়ক হয়েছে। এটি পৃথিবীর অভ্যন্তর ভাগের শিলার মতোই মনে হয়েছে, যেখানে প্রচুর পানি থাকতে পারে।’ এএফপি।