ধীরগতিতে হলেও ম্যান্ডেলার অবস্থার উন্নতি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানানো হয়েছে। ফুসফুসে সংক্রমণের কারণে দুই মাস ধরে প্রিটোরিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বর্ণবাদবিরোধী অবিসংবাদিত এই নেতা।
প্রেসিডেন্ট কার্যালয় থেকে গত রোববার এক বিবৃতিতে বলা হয়, ‘চিকিৎসকেরা প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে বলেছেন, ধীরগতিতে হলেও নিয়মিতভাবেই সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে চিকিৎসক দল এও বলেছে, মাদিবা (ম্যান্ডেলার ডাকনাম) নিয়মিতভাবে উন্নতি করলেও তাঁর বিপদ একেবারে কেটে যায়নি।’ গত মাসে ৯৫ বছরে পা দিয়েছেন ম্যান্ডেলা। গত ৮ জুন থেকে তিনি হাসপাতালে ভর্তি। গত ডিসেম্বর থেকে এ নিয়ে চারবার হাসপাতালে ভর্তি হলেন তিনি। তবে এবারই সবচেয়ে বেশি সময় হাসপাতালে কাটাচ্ছেন। শ্বেতাঙ্গদের দমনপীড়ন ও কৃষ্ণাঙ্গদের ওপর নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে দীর্ঘ ২৭ বছর কারাগারে কাটিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। এর মধ্যে নির্জন রোবেন দ্বীপেই ছিলেন ১৮ বছর। ব্লুমবার্গ।