ধূমপান ছাড়লেও ঝুঁকিতে জেমস বন্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূমপানে বিষপান। এ কথা জানার পরও অনেক জেনেশুনে এই বিষ পান করে। এ বদঅভ্যাস চাইলেও দূর করা যায় না। এতে আরও প্ররোচনা দেয় মনের ভেতর আসন গেড়ে বসা কোনো ‘হিরো’। এখানে ব্রিটিশ কল্প-গোয়েন্দা জেমস বন্ডের আসনটি বেশ পোক্ত। গবেষকেরা ভেবে দেখলেন যে বন্ডকে যদি সিগারেট ফোঁকার বদঅভ্যাসটা ছাড়ানো যায়, তাহলে তার ধূমপায়ী ভক্তদের মধ্যে এর সুপ্রভাব পড়তে পারে।

যেই ভাবা সেই কাজ। ২০০২ সালে ছায়াছবির পর্দায় ধূমপান ত্যাগ করল ব্রিটিশ গুপ্তচর সংস্থার এই কল্প-গোয়েন্দা। তারপর কেটে গেছে ১৪ বছর। কিন্তু ধূমপান ছেড়ে জেমস বন্ড কি নিরাপদ?
সাম্প্রতিক এক গবেষণা শেষে গবেষকেরা বলছেন, ধূমপান ছাড়লেও বন্ড মোটেও নিরাপদ নন। কারণ তাঁর বান্ধবী বা প্রেমিকারা ধূমপান ছাড়েননি। দেখা যায়, সুন্দরী নারী সঙ্গীর সঙ্গে রগড় কোনো দৃশ্যের পর ওই সঙ্গীটি আয়েশ করে সিগারেট ফুঁকছেন। আর ছাই ঝাড়ছেন বন্ডের উদোম বুকে রাখা কোনো ছাইদানিতে।
টোবাকো কন্ট্রোল সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাবিষয়ক নিবন্ধে এই চিত্র তুলে ধরে বলা হয়, ধূমপানরত কোনো ধূমপায়ীর সঙ্গে একজন অধূমপায়ী থাকলে ওই ধোঁয়া তার জন্যও ক্ষতিকর। আর এতে ঝুঁকি রয়েছে বেশ উচ্চমাত্রায়। ২০১২ সালের ছবি ‘স্কাইফল’-এ বন্ডের যৌনসঙ্গীকে প্রায়ই ধূমপান করতে দেখা যায়।

গবেষক দলের ভাষ্য, বন্ড সিরিজের ছবিগুলোতে ০০৭ এই হিরো ধূমপান ছাড়লেও দ্বিতীয় একজনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। এখানে একটু সুবিধা হলো যে ধূমপায়ীর সঙ্গে বন্ডকে বেশিক্ষণ থাকতে হয় না। তবে বন্ডের ছবিতে ধূমপানের প্রবণতা দিন দিন কমছে বলে এ ব্যাপারে আশান্বিত গবেষকেরা। তাঁরা বলছেন, ছায়াছবিতে ধূমপানের বিষয়টি কমাতে জনস্বাস্থ্যবিষয়ক কর্মীদের আরও তৎপরতা চালাতে হবে।
গবেষকেরা দেখেছেন, গত শতকের ষাটের দশকে বন্ড সিরিজের ছয়টি ছবির মধ্যে পাঁচটিতে সবচেয়ে বেশি ধূমপানের ব্যবহার দেখা গেছে। ২০০২ সালে এই সিরিজের ‘ডাই এনাদার ডে’ ছবিতে বন্ডকে ধূমপান ছাড়তে দেখা গেছে। বন্ডের ছবিতে সিগারেটের সঙ্গে সম্পর্ক আছে—এমন ছোটখাটো অস্ত্রও ব্যবহার করা হয়। যেমন সিগারেটের মাধ্যমে রকেট ছোড়া।

বন্ডের ছবিতে ধূমপানের দৃশ্যগুলো পর্যালোচনা করে গবেষকেরা বলছেন, বন্ডের কাজের যে ধরন, সে ক্ষেত্রে শরীর ঠিক রাখতে ধূমপানের বিষয়টি তাঁর সঙ্গে যায় না। আরও যায় না তাঁর মদ পানের বিষয়ও। এএফপি অবলম্বনে।