ধূমপান ছাড়াতে গাজর!
ধূমপানের অভ্যাস ছাড়তে সহায়তা করার জন্য নিউজিল্যান্ডের একটি কারাগারের বন্দীদের গাজর দেওয়া হচ্ছে। আগামী মাস থেকে কারাগারটিকে ধূমপানমুক্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।ইনভারকার্গিল নামের ওই কারাগার থেকে ফাঁস হয়ে যাওয়া একটি গোপন নথি থেকে জানা গেছে, ধূমপান ছাড়ার জন্য বন্দীদের প্রতিদিন দুটি করে গাজর দেওয়া হচ্ছে। আগামী ১ জুলাই থেকে কারাগারটিতে ধূমপানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। দ্য সাউথল্যান্ড টাইমসের খবরে এ কথা বলা হয়।নিউজিল্যান্ডের কারেকশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বেভান হানলন বলেন, তিনি প্রথম যখন এ প্রকল্পের কথা শোনেন, তখন ভেবেছিলেন, এটা কৌতুক। তিনি আরও বলেন, তাঁর মনে হয়, এটা সবচেয়ে ভালো পন্থা নয়। এটা চেষ্টা মাত্র।বেভান হানলন বলেন, বন্দীদের মন ধূমপান থেকে দূরে রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যদি বন্দীদের মুখে কিছু থাকে, তাহলে তারা মুখে দেওয়ার জন্য সিগারেট খুঁজবে না। এএফপি।