ধূমপান মস্তিষ্কের ক্ষয়রোগের কারণ
ধূমপানের কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। মস্তিষ্ক ক্ষয়ের পাশাপাশি জ্ঞানার্জন ও বিচারবুদ্ধি ক্ষমতায়ও ক্ষতিকর প্রভাব পড়ে। নতুন এক গবেষণায় এ কথা বলা হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনের কিংস কলেজের গবেষকেরা সম্প্রতি এ তথ্য জানান।এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি এজ অ্যান্ড এজিং জার্নালে প্রকাশিত হয়েছে। আট হাজার ৮০০ জনের ওপর পরিচালিত এই গবেষণায় ৫০ বছরের বেশি বয়সের ব্যক্তির ক্ষেত্রে উচ্চ রক্তচাপ এবং মাত্রাতিরিক্ত ওজনের বিষয়টিও লক্ষ করা গেছে। গবেষকেরা হূদেরাগ, স্ট্রোক ও মস্তিষ্কের ক্ষয়রোগের সঙ্গে একটি সম্পর্ক থাকার সম্ভাবনা খুঁজে পেয়েছেন। গবেষকেরা ৫০ বছরের বেশি বয়সের ব্যক্তিদের স্বাস্থ্য ও জীবনধারার তথ্য সংগ্রহ করে মস্তিষ্কের ওপর পরীক্ষা চালান। নতুন শব্দ ও প্রাণীর নাম তাঁরা মনে রাখতে পারেন কি না, তা পরীক্ষা করে দেখেন। চার বছর এবং আট বছর পর গবেষকেরা একইভাবে তাঁদের ওপর আবারও পরীক্ষা চালান। বিবিসি।