ধূমপায়ীদের জন্য চাকরি নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধূমপায়ীদের জন্য চাকরি নয়!
ধূমপায়ীদের জন্য চাকরি নয়!

চাকরি নেই। একের পর এক আবেদন করে সাড়া আসছে না কোনো প্রতিষ্ঠান থেকে। এভাবে হতাশ হতে হতে অনেকেই জড়িয়ে পড়েন নেশার জগতে। কেউবা একের পর এক সিগারেটে সুখটান দিয়ে কাটাতে চান হতাশার জাল। অনেকে আবার আগে থেকেই ধূমপানে আসক্ত হয়ে পড়েন।
তবে সত্যি সত্যি যদি চাকরি করতে চান তবে বলে রাখছি, এই বেলা ধূমপান ছাড়ুন। নইলে চাকরির যতটুকু সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটুকুরও শিকে ছিঁড়বে না।
যাঁরা ভাবছেন ধূমপানে চাকরির কী সম্পর্ক, তাঁরা জেনে রাখুন—যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কাউন্টিতে বিধান করা হচ্ছে যে যাঁরা ধূমপায়ী, তাঁদের চাকরিতে আবেদন করারই প্রয়োজন নেই। আর চাকরিতে যোগদানের আগে বাধ্যতামূলকভাবে শরীরে নিকোটিনের মাত্রা পরীক্ষা-নিরীক্ষা করে তবেই নিয়োগ দেবেন কর্তারা।
আজ রোববার এবিসি নিউজের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়, গত মাসে ফ্লোরিডার উত্তর-পূর্বাঞ্চলীয় ফ্লাগলার কাউন্টির কমিশনার এই বিধান চালু করার জন্য ভোটের মাধ্যমে তা পাস করিয়েছেন। ওই বিধানে বলা হয়েছে, এখন থেকে যাঁরা নতুন চাকরিতে যোগদান করবেন, তাঁদের লিখিতভাবে জানাতে হবে যে এই চাকরিজীবনে তাঁরা কখনোই ধূমপান করবেন না। তবে কাউন্টির মানবাধিকার সংস্থাগুলো এই বিধানকে সম্পূর্ণরূপে অসাংবিধানিক বলে মন্তব্য করেছে।

কমিশন বোর্ডের চেয়ারম্যান নেট ম্যাকলাফলিন বলেন, এটা জনসাধারণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়িয়ে তুলতেই করা হয়েছে। তিনি বলেন, গবেষণায় দেখা গেছে ধূমপায়ী কর্মীদের কর্মক্ষমতা কমে যায় এবং তাঁদের হেলথ ইনস্যুরেন্সের খরচও অনেকগুণ বেড়ে যায়।
এ বিধানের আওতায় যারা নতুন চাকরির জন্য মনোনীত হয়েছেন আগামী ১ অক্টোবর তাঁদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যদি কোনো প্রার্থীর শরীরে নিকোটিন পাওয়া যায়, তাহলে কাউন্টি আগামী এক বছরের জন্য তাঁকে চাকরির জন্য নিষিদ্ধ ঘোষণা করবে। আর যদি কোনো নতুন কর্মী এই বিধান লঙ্ঘন করেন, তাহলে তাঁর মৃত্যুদণ্ডও হতে পারে বলে জানা গেছে।
তবে যুক্তরাষ্ট্রে বিনা কারণে সবার শরীরে নিকোটিনের মাত্রা পরীক্ষা করা আইনত নিষিদ্ধ। সে হিসেবে এই বিধান আইনের পরিপন্থী এবং সংবিধানের চতুর্থ সংশোধনীরও পরিপন্থী বলে মত দিয়েছেন আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের মুখপাত্র বেইলর জনসন। তিনি বলেন, বরখাস্ত বা কোনো ভুল ছাড়া সরকারি সুযোগ-সুবিধা ভোগকারী কোনো কর্মীর শরীরে অকারণে মাদক পরীক্ষা করা আইনসিদ্ধ নয়।