ধূমপায়ীর মৃত্যুতে ২,৩৬০ কোটি ডলার জরিমানা
ধূমপানে মারা যাওয়া এক ব্যক্তির বিধবা স্ত্রীকে দুই হাজার ৩৬০ কোটি মার্কিন ডলার দিতে তামাকজাত পণ্যের একটি কোম্পানিকে গত শুক্রবার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালত।
গতকাল রোববার বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রে তামাকজাত পণ্যের দ্বিতীয় বৃহত্তম আরজে রেনল্ডস টোব্যাকো কোম্পানিকে এক মামলার পরিপ্রেক্ষিতে এই অর্থ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, মাইকেল জনসনের স্ত্রী সিনথিয়া রবিনসনের অভিযোগ, ধূমপানের কারণে ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯৯৬ সালে তাঁর স্বামী মারা যান। তিনি ২০০৮ সালে সংশ্লিষ্ট সিগারেট কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করেন।
আদালতে সিনথিয়া রবিনসনের আইনজীবীরা যুক্তি দেন, ধূমপানে আসক্তি সৃষ্টি এবং ফুসফুস ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির বিষয়ে ভুক্তভোগীকে তথ্য জানাতে অবহেলা ও ব্যর্থ হয়েছে আরজে রেনল্ডস টোব্যাকো কোম্পানি।
মাত্র ১৩ বছর বয়সে ধূমপান শুরু করে জনসন। ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে ৩৬ বছর বয়সে তিনি মারা যান।
চার সপ্তাহের শুনানি শেষে রায় দেন আদালত। শাস্তি হিসেবে দুই হাজার ৩৬০ কোটি মার্কিন ডলার জনসনের স্ত্রী সিনথিয়াকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আরজে রেনল্ডস টোব্যাকো কোম্পানি।