ধূমপায়ীরা কফির আসল স্বাদ পান না
ধূমপায়ী ব্যক্তিরা কফির স্বাদ পরিপূর্ণভাবে নিতে পারেন না। ফ্রান্সের পিতিয়ে-সলপত্রিয়ের হাসপাতালের বিশেষজ্ঞ নেলি জ্যাকব ও তাঁর সহযোগীরা এ দাবি করছেন। কেমোসেনসরি পারসেপশন সাময়িকীতে ফরাসি ওই গবেষকদের গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গবেষকেরা বলছেন, ধূমপায়ীরা ক্যাফেইনের তেতো স্বাদ নিতে পারে না। এমনকি ধূমপান ত্যাগকারী ব্যক্তিদের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। তামাকের বিভিন্ন বিষাক্ত উপাদানই মানুষের স্বাদের অনুভূতি নষ্ট করে দেয়। এ ছাড়া ধূমপানের ফলে জিবের স্বাদগ্রাহী অংশের (ফাংগিফর্ম প্যাপিলে) গঠনেও পরিবর্তন ঘটে।
তবে ধূমপান ছেড়ে দিলে মানুষের স্বাদগ্রহণ ক্ষমতা আবার আগের মতো পূর্ণরূপে ফিরে আসে কি না এবং তাতে কত সময় লাগতে পারে, সে ব্যাপারে গবেষকেরা নিশ্চিত হতে পারেননি। প্যারিসের ওই হাসপাতালের ৪৫১ জন কর্মীকে ধূমপায়ী ও অধূমপায়ী শ্রেণীতে পৃথক করে তাঁদের মিষ্টি, টক, তেতো ও লবণাক্ত স্বাদের অনুভূতির তারতম্য নিয়ে গবেষণা চালান গবেষকেরা। এতে দেখা যায়, ধূমপানের ফলে তাঁদের লোনা, মিষ্টি ও টক স্বাদের অনুভূতির কোনো তারতম্য হয় না। কিন্তু তেতো স্বাদ অনুভবের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটে যায়। প্রতি পাঁচজনের একজন (১৯ দশমিক আট শতাংশ) ধূমপায়ী ওই তেতো স্বাদ শনাক্ত করতে পারেননি। পিটিআই।