ধৈর্য নিয়ে কাশ্মীর পরিস্থিতির জবাব দেব: নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামাবাদে গতকাল বান কি মুন ও নওয়াজ শরিফ ষ ছবি: রয়টার্স
ইসলামাবাদে গতকাল বান কি মুন ও নওয়াজ শরিফ ষ ছবি: রয়টার্স

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, তাঁর দেশ ‘ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে’ কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় উদ্ভূত পরিস্থিতির জবাব দেবে। একই সঙ্গে ভারত এই উত্তেজনা কমাতে পদক্ষেপ নেবে বলেও আশা করে ইসলামাবাদ।
পাকিস্তান সফররত জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠকের পর গতকাল বুধবার ইসলামাবাদে যৌথ সংবাদ সম্মেলনে নওয়াজ শরিফ এ কথা বলেন।
গত সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর এক হামলায় ভারতের পাঁচ সেনা নিহত হয়। নয়াদিল্লি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে।
সংবাদ সম্মেলনে নওয়াজ বলেন, ‘আমাদের উত্তেজনা কমাতে হবে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। আমরা শান্তি চাই। এ জন্য আমাদের আরও কূটনৈতিক হতে হবে।’
পাকিস্তান ও ভারত ২০০৩ সালের নভেম্বরে নিয়ন্ত্রণরেখায় অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করে। তার পরও বিভিন্ন সময় সেখানে গোলাগুলির ঘটনা ঘটছে।
পাকিস্তানকে ‘শান্তির সূতিকাগার’ বানাতে চান নওয়াজ: জনগণের একতা ও সমর্থন এবং সামরিক বাহিনীসহ অন্য নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিয়ে সন্ত্রাসবাদকে পরাজিত করে পাকিস্তানকে ‘শান্তির সূতিকাগার’ হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
৬৭তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে গতকাল এই অঙ্গীকার করেন নওয়াজ। এএফপি।