ধৈর্যবলে বেঁচে আছেন ১৪৬ বছর
বর্তমানে বিশ্বের ‘সবচেয়ে দীর্ঘজীবী’ মানুষ ইন্দোনেশিয়ার মা গোতোর বেঁচে থাকার রহস্য ধৈর্য। তিনি বলেন, ‘বেঁচে থাকার রেসিপিটা কেবলই ধৈর্য।’
পরিচয়পত্র অনুযায়ী মধ্য জাভার সারজেন প্রদেশের বাসিন্দা গোতোর জন্ম ১৮৭০ সালের ৩১ ডিসেম্বর। স্থানীয় নথি অফিসের কর্মকর্তারা জানান, গোতোর এই জন্ম তারিখের বিষয়ে তাঁরা নিশ্চিত হয়েছেন। গতকাল শনিবার দ্য টেলিগ্রাফের এক খবরে এমনটাই বলা হয়।
১৪৬ বছরের এই দীর্ঘ জীবনে আত্মীয় বলতে এখন গোতোর আছেন নাতি-নাতনি, নাতি-নাতনিদের সন্তান ও তাঁদের সন্তানেরা। এরই মধ্যে তাঁকে ছেড়ে চলে যেতে দেখেছেন ১০ ভাইবোন, চার স্ত্রী আর সন্তানদের। এখন তাঁর চাওয়া শুধুই মৃত্যু।
যখন গোতোর বয়স ১২২, তখন থেকেই মৃত্যুর প্রহর গুনছেন তিনি। এমনকি সন্তানদের পাশে নিজের কবরের জায়গাও কিনেছেন। তিনি বলেন, ‘২৪ বছর আগে, ১৯৯২ সালে কবরের জায়গা ঠিক করে রেখেছি।’
বসে বসেই দিন কাটে গোতোর। মাঝেমধ্যে রেডিও শোনেন। তবে দৃষ্টিশক্তি কমে যাওয়ায় টেলিভিশন দেখেন না তিনি। স্বাস্থ্য তাঁর একেবারেই ভেঙে পড়েছে। তিন মাস ধরে চামচে করে খাইয়ে দিতে হয়। গোসলও করিয়ে দিতে হয়। বেঁচে থাকার আকাঙ্ক্ষা একদম ক্ষীণ হয়ে আসছে তাঁর।
বর্তমান রেকর্ড অনুযায়ী সবচেয়ে দীর্ঘজীবী মানুষ ছিলেন ফ্রান্সের নারী জেনা ক্যালমেন্ট। ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে মারা যান তিনি।