ধোঁয়াশায় এখন শ্বাসরুদ্ধকর সিঙ্গাপুর

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বনের ভেতর বেআইনিভাবে আগুন দেওয়ার ঘটনায় আজ শুক্রবার তৃতীয় দিনে সিঙ্গাপুরের ধোঁয়াশা পরিবেশ আরও গুরুতর পর্যায়ে পৌঁছেছে। গত দুই দিনের রেকর্ড পার হয়ে পরিবেশ দূষণমাত্রা এখন শ্বাসরুদ্ধকর।
আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সিঙ্গাপুরে স্থানীয় সময় গতকাল রাত ১২টায় পরিবেশদূষণ সূচকের মাত্রা (পিএসআই) ৪০১ পয়েন্টে পৌঁছে। দেশটির ইতিহাসে এটাই সর্বোচ্চ মাত্রার দূষণের সূচক। সিঙ্গাপুরের এই ধোঁয়াশা ক্রমশ মালয়েশিয়ায়ও ছড়িয়ে পড়ছে। ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে দেশটির দক্ষিণাঞ্চলে শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হিয়েন লুং এক সতর্কবার্তায় জানিয়েছেন, এই ধোঁয়াশা কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। তিনি বলেন, ‘এ সমস্যার সমাধান আমাদের জানা নেই। এটি আগুন, আবহাওয়া ও বাতাসের ওপর নির্ভরশীল। এমন পরিবেশ কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।’
দেশটির জাতীয় পরিবেশ সংস্থা জানায়, বায়ুদূষণের সূচকে ২০০ পয়েন্ট পেরোলেই ওই পরিস্থিতিকে ‘অতি অস্বাস্থ্যকর’ বলা হয়। বর্তমান সূচক ৪০১ পয়েন্টে পৌঁছানোয় তা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ও ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতিতে সিঙ্গাপুরের মানুষের জীবন এখন হুমকির মুখে, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য চরম হুমকিতে।
এর আগে গত বুধবার স্থানীয় সময় রাত নয়টায় সিঙ্গাপুরে এই সূচক ২৯০ পয়েন্টে পৌঁছায়। ১৯৯৭ সালের সেপ্টেম্বরে দেশটিতে এই দূষণের মাত্রা বেড়ে সর্বোচ্চ ২২৬ পয়েন্টে পৌঁছেছিল। বর্তমানে সংস্থাটির ওয়েবসাইটে প্রতি ঘণ্টার পরিবেশদূষণের সূচক প্রকাশ করা হচ্ছে।
সিঙ্গাপুরের চিকিত্সক ফিলিপ কোহ জানান, পরিবেশদূষণের এই মাত্রা সর্বোচ্চ কত পর্যন্ত উঠতে পারে এবং কত দিন পর্যন্ত স্থায়ী হবে, তা নিয়ে তাঁর রোগীরা বেশ উদ্বিগ্ন।
সিঙ্গাপুরের প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বনের ভেতর বেআইনিভাবে আগুন দেওয়ায় সৃষ্ট ধোঁয়াশার কারণে বর্তমানে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে।