ধোঁয়াশার কারণে দক্ষিণ এশিয়ায় দূষণ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবাশ্ম জ্বালানি ও জৈববর্জ্য পোড়ানোর ফলে সৃষ্ট শীতের ধোঁয়াশায় বায়ুদূষণ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দক্ষিণ এশিয়ার কয়েকটি স্থানে এই ধোঁয়াশার স্থায়িত্ব বেড়েছে। গত শুক্রবার আবহাওয়াবিজ্ঞানী ও কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। বাংলাদেশ, ভারত ও নেপালে গত কয়েক দিনে তাপমাত্রা কমে গেছে এবং আকাশে কুয়াশা ও ধোঁয়াটে মেঘের সৃষ্টি হয়েছে। ভূপৃষ্ঠে সূর্যের আলো প্রবেশ করতে পারছে না। এর মধ্যে কয়েকটি জায়গায় বিমানের বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। আলোকস্বল্পতার কারণে রেল-চলাচলও ব্যাহত হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, গত কয়েক বছরে তাঁরা উত্তর ভারতে ধোঁয়াশার তীব্রতা লক্ষ্য করেছেন। নেপালের আবহাওয়া দপ্তরের মহাপরিচালক কেশব প্রসাদ নিশ্চিত করেছেন, ভারতের সীমান্তবর্তী নেপালের দক্ষিণাঞ্চলে দিন দিন ধোঁয়াশা গুরুতর রূপ নিচ্ছে। তিনি বলেন, ‘আমরা গত তিন বছরে যে ধরনের দীর্ঘস্থায়ী ধোঁয়াশা দেখেছি, ১০ বছর আগে এমনটি দেখিনি।’ কোনো কোনো বিশেষজ্ঞ দক্ষিণ এশিয়ার এসব অঞ্চলের আবহাওয়া পরিস্থিতির সঙ্গে মানুষের স্বাস্থ্যগত সমস্যার কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখছেন। শীতের তীব্রতার সরাসরি বিরূপ প্রভাবে বহু মানুষের অসুস্থতা ও প্রাণহানির খবর পাওয়া গেলেও কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন, কখনো কখনো শ্বাসকষ্টজনিত কারণে মানুষ অসুস্থতা কিংবা মৃত্যুর মুখোমুখি হতে পারে। গত তিন সপ্তাহে নেপালের দক্ষিণ-পূর্বাঞ্চলে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব জায়গায় কয়েক দিন আকাশে ধোঁয়াশা দেখা গেছে। স্থানীয় হাসপাতালের একজন বিশেষজ্ঞ বলেছেন, মারা যাওয়া ওই ব্যক্তিদের অধিকাংশই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। কাঠ ও গোবর পোড়ানোসহ শিল্পকারখানা ও যানবাহনের দূষণের কারণে মানুষের এ ধরনের শ্বাসকষ্ট হয়ে থাকে। বাংলাদেশে এ ধরনের রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন বেশি। বিবিসি।