ধোঁয়াশায় রুদ্ধ সাংহাইয়ের শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচণ্ড ধোঁয়াশায় ঝাপসা সাংহাই শহরের লোকালয়। ছবি: রয়টার্স
প্রচণ্ড ধোঁয়াশায় ঝাপসা সাংহাই শহরের লোকালয়। ছবি: রয়টার্স

চীনে দালানকোঠার ভিড়ে ঠাসা জনবহুল সাংহাই শহর এখন ঘন কুয়াশার মতো দূষিত ধোঁয়াশায় ঢাকা পড়েছে। এ ধোঁয়াশায় দূষণের মাত্রা এত বেশি যে তা মানবস্বাস্থ্যের জন্য খুব ঝুঁকিপূর্ণ, বিশেষ করে শিশুদের জন্য। এ কারণে সরকার গতকাল শুক্রবার শিশুদের ঘরের ভেতরেই রাখতে নির্দেশ দিয়েছে।
আন্তর্জাতিক স্বাস্থ্য কর্মকর্তাদের সুপারিশ অনুযায়ী সাংহাই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। কর্মকর্তাদের তথ্যমতে, সাংহাইয়ের বিদ্যমান ধোঁয়াশার কারণে যে পরিবেশদূষণ ঘটেছে, দূষণ সূচকে তা ২৩ থেকে ৩১ গুণের মধ্যে ওঠানামা করছে। সেখানে গত এপ্রিলে স্বাস্থ্যবিষয়ক সতর্ক ব্যবস্থা চালু হওয়ার পর এই প্রথম কর্মকর্তারা এ ধরনের সুপারিশ করেন।
আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, সাংহাইয়ে সব নির্মাণ প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়।
বিশেষজ্ঞদের মতে, মাত্রাতিরিক্ত বায়ুদূষণের কারণে চীনের অর্থনৈতিক কেন্দ্রস্থল সাংহাইয়ে এ ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এতে শহরের অনেক দূর পর্যন্ত লোকালয় অস্পষ্ট হয়ে পড়েছে। ধোঁয়াশার তীব্রতায় খুঁজে পাওয়া যাচ্ছে না আকাশের দিগন্ত। এ কারণে পিছিয়ে দেওয়া হয়েছে বিমানের ফ্লাইটের সময়সূচি।
সাংহাইয়ের বাতাসে ক্ষতিকর ক্ষুদ্র কণার ঘনত্বের পরিমাণ গতকাল শুক্রবার পিএম ২ দশমিক ৫ থেকে বেড়ে ৬০২ দশমকি ৫ মাইক্রো গ্রাম হয়ে যায়। জানা যায়, ডিসেম্বর মাসের রেকর্ড অনুযায়ী এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মাত্রা, ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী এই ঘনত্ব ২৫ মাইক্রোগ্রাম মাত্রা পর্যন্ত সহনীয় পর্যায়ে থাকে।

সাংহাই শহর হলুদাভ কুয়াশায় ঢাকা পড়ে গেছে ও শহরের রাস্তাঘাটে লোকজনের উপস্থিতিও লক্ষণীয়ভাবে কম দেখা যায়। শহরটির সরকার ৩০ শতাংশ সরকারি যানবাহন রাস্তা থেকে তুলে নেওয়ায় রাস্তাঘাটে যানবাহনের উপস্থিতিও কম।

সরকার আতশবাজি পোড়ানো ও ক্রীড়ানুষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মনে হচ্ছে, আমি ধোঁয়াশার মেঘের ভেতর বাস করছি। ’

সাংহাইয়ের পুদং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বেশির ভাগ ফ্লাইট দেরিতে ছেড়ে গেছে।

সাংহাই ও আশপাশের এলাকায় এ ধরনের বায়ুদূষণের কারণ হিসেবে কয়লা পোড়ানো, গাড়ির ধোঁয়া নির্গমন, কলকারখানার দূষণ ও আবহাওয়ার গতিপ্রকৃতিকে দায়ী করা হচ্ছে। স্বাস্থ্যহানিকর এ বায়ুদূষণ চীনের জন্য গুরুতর চ্যালেঞ্জ।