ধ্বংসস্তূপের নিচ থেকে ১১ দিন পর যুবককে জীবিত উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতিতে ভূমিকম্পের ১১ দিন পর গত শনিবার এক যুবককে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সরকার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করার কয়েক ঘণ্টা পর তাঁকে উদ্ধার করা হয়েছে। এদিকে রাজধানী পোর্ট অ প্রিন্সে ত্রাণ বিতরণের সময় শনিবারও বিশৃঙ্খলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। লোকজনকে ছত্রভঙ্গ করতে এ সময় ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয় জাতিসংঘ শান্তিরক্ষীরা।পোর্ট অ প্রিন্সের নেপোলি ইন হোটেলের ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২৪ বছরের যুবক উইসমন্ড এক্সানতুসকে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে উদ্ধারকারী দল তাঁকে উদ্ধার করে। ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে অ্যাম্বুলেন্সে তোলার সময় তাঁকে সুস্থই মনে হচ্ছিল। এরপর তাঁকে একটি হাসপাতালে নেওয়া হয়।এক্সানতুস যে হোটেলের ধ্বংসাবশেষের নিচে আটকে ছিলেন, সেটি শহরের এমন এলাকায় অবস্থিত, যেখানে লুটপাটকারী ব্যক্তিদের উপদ্রব খুব বেশি। এ কারণে এক্সানতুসের পরিবারের সদস্যদের সেখানে যেতে দেয়নি পুলিশ। তবে তাঁর পরিবারের সদস্যরা ধ্বংসস্তূপের নিচ থেকে চিত্কার শুনতে পেয়ে উদ্ধারকারীদের জানায়। এরপর গ্রিস, ফরাসি ও মার্কিন উদ্ধারকারী দল প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে তাঁকে বের করে আনে। উদ্ধারকারীরা জানিয়েছে, এক্সানতুস প্রায় ২০ ফুট ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন। তবে এর বেশির ভাগই কংক্রিট নয়, ছিল কাঠ।হাসপাতালের শয্যায় শুয়ে এক্সানতুস সাংবাদিকদের বলেন, ‘কোকাকোলা পান করেই আমি বেঁচে ছিলাম। প্রতিদিন কোকাকোলা এবং অন্য কিছু টুকটাক খাবারও খেতাম।’ তিনি আরও বলেন, ‘প্রতি রাতেই আমার মনে হতো আমি বেঁচে যাব।’এর আগে শুক্রবার ভূমিকম্পের ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক বৃদ্ধা ও এক যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।এক্সানতুসের উদ্ধারের আগে জাতিসংঘের মুখপাত্র এলিজাবেথ বায়ারস জানান, উদ্ধার অভিযান শেষের ঘোষণা দেওয়া খুবই মর্মান্তিক হয়েছে। তবে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, উদ্ধারকারীরা সবাই হাইতি থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তবে ধ্বংসস্তূপ সরানোর কাজে সহযোগিতা করতে ভারী যন্ত্রপাতি নিয়ে কোনো কোনো উদ্ধারকারী দল থেকে যেতে পারে।এদিকে গত শনিবার পোর্ট অ প্রিন্সে ত্রাণ বিতরণের সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেনাবাহিনীর পুরোনো একটি মাঠে লোকজনকে দুই লাইনে দাঁড় করিয়ে খাবার, সয়াবিন তেল ও পানিসহ বিভিন্ন ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছিল। প্রথম দিকে সবাই ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিচ্ছিল। কিন্তু একপর্যায়ে হুড়োহুড়ি লেগে যায়। লোকজন লাইন ভেঙে ত্রাণসামগ্রী লুটপাট করে নেওয়া শুরু করে। এ সময় বাধ্য হয়ে তাদের ছত্রভঙ্গ করতে শান্তিরক্ষীরা ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ভূমিকম্পে মৃতের সংখ্যা গত শনিবার পর্যন্ত এক লাখ ১২ হাজার ২২৬ জন বলে সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। প্রতিদিন এ সংখ্যা বাড়ছে। এদিকে জাতিসংঘ জানিয়েছে, পুনর্বাসনের জন্য এরই মধ্যে এক লাখ ৩০ হাজার মানুষকে রাজধানী থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এএফপি, বিবিসি অনলাইন।