ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েও ফুটবলার হওয়ার স্বপ্ন
হাইতির জাতীয় স্টেডিয়াম। ভূমিকম্পে গৃহহারা অসহায় একদল মানুষ আশ্রয় নিয়েছে সেখানে। চারদিকে আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে আছে। মাঠের চারপাশে যত্রতত্র মানুষের মলমূত্র। পূতিগন্ধময় পরিবেশ। এরই মধ্যে ফুটবল খেলছে একদল শিশু। দুই চোখে তাদের বড় ফুটবলার হওয়ার স্বপ্ন। ব্রাজিলের বিরুদ্ধে খেলার স্বপ্ন। গত ১২ জানুয়ারির ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সের বেশির ভাগ এলাকা। চারদিকে ধ্বংসযজ্ঞের চিহ্ন। কিন্তু এত ধ্বংসলীলাও স্বপ্ন দেখা থেকে দমিয়ে রাখতে পারেনি হাইতির দুরন্ত শিশু-কিশোরদের।সিলভিও কাটোর স্টেডিয়ামে আশ্রয় নিয়েছে প্রায় চার হাজার গৃহহীন মানুষ। তাদেরই একজন জেমস লি হার্চিল। বয়স ছয়। মাঠের পাশে দাঁড়িয়ে বন্ধুদের ফুটবল খেলা দেখছিল সে। পেনাল্টি চলছিল তখন। বিশাল গোলপোস্টের নিচে দাঁড়িয়ে খুদে এক গোলরক্ষক। কৈশোরে পা দিতে যাওয়া ওই গোলরক্ষকের চেয়ে ক্রসবারের উচ্চতা প্রায় দ্বিগুণ। তাই গোলমুখে করা প্রতিটি শটই খুঁজে পাচ্ছিল তার কাঙ্ক্ষিত লক্ষ্য। প্রায় চামড়া উঠে যাওয়া ফুটবলকে মাটিতে ড্রপ করতে করতে গর্বিত হাসিতে হার্চিল বলল, ‘আমরা প্রতিদিনই ফুটবল খেলি।’হার্চিলের প্রিয় খেলা ফুটবল। পছন্দের দল ব্রাজিল। প্রাণঘাতী ভূমিকম্প লাখো মানুষের স্বপ্ন ভেঙে গেলেও ভেঙে দিতে পারেনি ওই বালকের স্বপ্ন। তার দুই চোখ ভরা স্বপ্ন। বড় হয়ে একদিন জাতীয় দলে খেলবে সে।বিপর্যয়কর ভূমিকম্পের ছোবল থেকে রক্ষা পায়নি পোর্ট অ প্রিন্সের ফুটবল মাঠগুলো। হাইতির জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা ছিল চলতি সপ্তাহেই। ন্যাশনাল ফুটবল লিগের প্রেসিডেন্ট গ্যারি নিকোলাস জানান, বর্তমান পরিস্থিতিতে ফুটবল লিগ কমপক্ষে ছয় মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘ভূমিকম্প হাইতির ফুটবলের জন্য একটি সত্যিকারের বিপর্যয়।’হাইতি ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটও সেই বিপর্যয়ের কথাই বলছে। হাইতি ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট খুললে চোখের সামনে কয়েকটি শব্দ ভেসে উঠবে। ‘হেলপ হাইতি, অ্যান্ড ডোনেট টু হোপ ওয়ার্ল্ড ওয়াইড।’ ফেডারেশনের ওই সাইট থেকে ত্রাণসহায়তা-সংক্রান্ত একটি ওয়েবসাইটে যাওয়ার লিঙ্ক দেওয়া আছে। এ ছাড়া আর কিছুই নেই সেখানে। নেই ফুটবল-সংক্রান্ত কোনো কিছু।হাইতি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জানান, ভূমিকম্পে ৩০ জন কর্মীকে হারিয়েছেন তাঁরা। ভূমিকম্পের আঘাতে কংক্রিটের জঞ্জালে পরিণত হয়েছে ফেডারেশনের সদর দপ্তর। ভবনের ধ্বংসস্তূপের ভেতরে এখনো আটকে আছে অনেকের মৃতদেহ।ধ্বংসস্তূপের ভেতর থেকে ফুটবল পরিসংখ্যানের শত ছিন্ন ও ভাঁজপড়া ফাইল উদ্ধার করছেন ফেডারেশনের কর্মীরা। সহকর্মীদের মৃতদেহও বের করে আনার চেষ্টা করছেন তাঁরা। কিন্তু মৃতদেহের কাছে পৌঁছাতে পারছেন না তাঁরা। তবে গলিত মৃতদেহের উত্কট গন্ধ থেকে তাঁরা বুঝতে পারছেন মৃতদেহগুলো কোথায় আছে।ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুপস্থিতিতে স্টেডিয়ামের দায়িত্বে রয়েছেন ফুটবল ফেডারেশনের কর্মকর্তা সেন্ট-লুইস রোনলি। তিনি এখন স্টেডিয়ামের বাসিন্দাও বটে। কিন্তু স্টেডিয়ামের বাসিন্দাদের জন্য খুব সামান্যই করতে পারছেন তিনি। দীর্ঘশ্বাস ফেলে রোনলি বললেন, এখানো কোনো খাবার-দাবার নেই। ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে মানুষ যে যত্সামান্য খাবার পায়, তারা সেটা ভাগাভাগি করে খায়।রোনলি আরও বলেন, ‘বর্তমান বিশেষ পরিস্থিতিতে ফুটবল তাঁদের অগ্রাধিকার তালিকার মধ্যে নেই।’ ভূমিকম্পের পর গৃহহীন মানুষের আশ্রয়ের জন্য ৩০ হাজার আসনের ফুটবল স্টেডিয়ামটি উন্মুক্ত করে দিয়েছে সরকার। ভূমিকম্প থেকে স্টেডিয়ামটি মোটামুটিভাবে রক্ষা পেলেও ধসে পড়েছে এর সামনের অংশ। একসময় ফুটবলভক্তদের কলকাকলিতে মুখরিত থাকত স্টেডিয়ামের পার্কিং লট। কিন্তু সেটা এখন ব্যবহূত হচ্ছে গোসলখানা হিসেবে।রোনলি জানান, হাইতি জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেন। তাই তাঁরা সবাই নিরাপদে আছেন। তিনি বলেন, ‘ফুটবল মাঠে ঘুমানোর জায়গা দিতে হবে গৃহহীন মানুষকে। এ ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আমরা আবারও ফুটবল খেলব। মানুষ খেলাধুলা বন্ধ করতে চায় না।’স্টেডিয়ামে আশ্রয় নেওয়া ১৬ বছরের কিশোর জেরার্ড রেনে শহরের অন্যান্য আশ্রয় শিবিরের দিকে ইঙ্গিত করে বলে, ‘সেখানে তাদের কিছু নেই। কিন্তু এখানে আমাদের গোলপোস্ট আছে।’ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে এসব দুরন্ত শিশুর স্বপ্ন একদিন এ মাঠেই তারা ব্রাজিলের বিরুদ্ধে ফুটবল খেলবে। এএফপি অবলম্বনে দাউদ ইসলাম।