মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষ খুঁজে পেতে আন্তর্জাতিক অনুসন্ধান অভিযানের দ্বিতীয় দিন গতকাল শুক্রবারেও কিছু পাওয়া যায়নি। বিরূপ আবহাওয়ার কারণে দক্ষিণ ভারত মহাসাগরের ওই অনুসন্ধান অভিযান ব্যাহত হচ্ছে।
অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ওয়ারেন ট্রাস বলেছেন, ওই ধ্বংসাবশেষ মহাসাগরের তলে ডুবে গিয়ে থাকতে পারে। সে ক্ষেত্রে তা খুঁজে পাওয়া কঠিন ও সময়সাপেক্ষ হবে।
বিমানের ধ্বংসাবশেষের খোঁজে আজ শনিবার সকাল থেকে আবার অভিযান চালানো হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভারত মহাসাগরের ওই অঞ্চলের পরিবেশ বেশ বিরূপ। খুব শান্ত পরিস্থিতিতেও জায়গাটিতে উদ্ধারকাজ চালানো সহজ নয়।
নিখোঁজ বিমানের সন্ধানে গতকাল পাঁচটি বিমান অংশ নেয়। এ ছাড়া দুটি বাণিজ্যিক জাহাজও অভিযানে যোগ দিচ্ছে। আজকের অভিযানে অস্ট্রেলিয়ার একটি রণতরি অংশ নিতে পারে বলে সে দেশের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
সিডনি বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞানী এরিক ভ্যান সেবিল বলেন, ‘এটি এমন জায়গা নয়, যে আপনি চাইলেই সেখানে বিমানটির অনুসন্ধানে সপ্তাহের পর সপ্তাহ থাকতে পারবেন। কয়েক মাস আগেও যদি এ ঘটনা ঘটত, তাহলে সাগরের পরিবেশ ও সময় অনুকূলে থাকত।’
তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ভৌত সমুদ্রবিজ্ঞানবিষয়ক শিক্ষক ন্যাথান বিনডফ বলেন, ‘ভারত মহাসাগরের ওই অঞ্চলে এখন প্রচণ্ড বাতাস ও ঢেউ। এটি মহাসাগরের সবচেয়ে বাত্যাপূর্ণ এলাকা। সেখানে কালেভদ্রে জাহাজের দেখা মেলে।’
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দক্ষিণ ভারত মহাসাগরে দুটি বস্তু ধরা পড়ায় এ অভিযান চালানো হচ্ছে। এগুলো মালয়েশিয়ার এয়ারলাইনসের নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ হতে পারে বলে মনে করা হচ্ছে। সাগরের ওই স্থানটি অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলীয় শহর পার্থ থেকে আড়াই হাজার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ ৩৭০।
মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী হিশামউদ্দিন হুসেইন বলেছেন, আশা করা হচ্ছে, আজ শনিবার বস্তু দুটির কাছাকাছি পৌঁছাবে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জাহাজটি। এ ছাড়া অভিযানে চীন, জাপান ও যুক্তরাজ্যও সহযোগিতা করছে। নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিমানও অভিযানে যোগ দিয়েছে। ভারতও দুটি বিমান পাঠাবে বলে জানিয়েছে।
রয়টার্স ও বিবিসি।