
অস্ট্রেলিয়ার সমুদ্র অনুসন্ধান কাজের সঙ্গে জড়িত একটি প্রতিষ্ঠান দাবি করেছে, তারা মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ বঙ্গোপসাগরে শনাক্ত করেছে। দক্ষিণ ভারত মহাসাগরের যে এলাকায় বর্তমানে ব্যাপক হারে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে, সেখান থেকে বঙ্গোপসাগরের এই স্থানটি পাঁচ হাজার কিলোমিটার দূরে।
অ্যাডিলেইডভিত্তিক জিওরিসোনেস নামের ওই প্রতিষ্ঠান বলেছে, তারা নিজস্ব উদ্যোগে গত ১০ মার্চ অনুসন্ধান অভিযানে নামে। পরে তারা নিখোঁজ উড়োজাহাজটির সম্ভাব্য ধ্বংসাবশেষ বঙ্গোপসাগরে শনাক্ত করতে সক্ষম হয়।
প্রতিষ্ঠানটির মুখপাত্র ডেভিড পোপ জানান, উড়োজাহাজটির সম্ভাব্য ধ্বংসস্থলের ২০ লাখ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অনুসন্ধান চালিয়েছে তাদের প্রতিষ্ঠান। স্যাটেলাইটচিত্র ও উড়োজাহাজ থেকে সংগৃহীত ছবি ব্যবহার করে তারা গবেষণা চালায়। প্রাপ্ত তথ্য গবেষণার ক্ষেত্রে ২০ ধরনের প্রযুক্তি ব্যবহার করেছে তারা। তিনি দাবি করেন, পরমাণু স্থাপনা ও ডুবোজাহাজ অনুসন্ধানের ক্ষেত্রে ব্যবহূত প্রযুক্তিই নিখোঁজ উড়োজাহাজের অনুসন্ধানে ব্যবহার করা হয়েছে।
পোপ বলেন, উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার তিন দিন আগে তোলা চিত্রের সঙ্গে তাঁরা তাঁদের গবেষণালব্ধ তথ্য তুলনা করে দেখেছেন, সেখানে আগে যা দেখা গিয়েছিল, পরে তা দেখা যায়নি। তিনি বলেন, ‘উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার আগে সেখানে কোনো ধ্বংসাবশেষ ছিল না। আমরা বলছি না, এটাই নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ। কিন্তু আমরা মনে করি, এটা পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে বড় অর্জন।’
এ ব্যাপারে মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক আজাহারউদ্দিন আবদুল রহমান স্টার পত্রিকাকে বলেন, তাঁরা এ গবেষণার ব্যাপারে কিছু জানেন না। তিনি বলেন, ‘আমরা এ প্রতিবেদন পরীক্ষা করে দেখব।’ পিটিআই।