মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজের আরোহীদের ক্ষুব্ধ স্বজনেরা গতকাল মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে মালয়েশীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষে সংঘর্ষ হয়। স্বজনেরা ভারত মহাসাগরে উড়োজাহাজটির রহস্যময় সমাধির ব্যাপারে অকাট্য প্রমাণ দাবি করে স্লোগান দেন।
যেসব তথ্য-উপাত্তের ভিত্তিতে মালয়েশীয় কর্তৃপক্ষ উড়োজাহাজের সলিলসমাধির ব্যাপারে নিশ্চিত হয়েছে, সেগুলো দেখতে চেয়েছে চীন। বিষয়টি নিয়ে কথা বলতে চীনের একজন দূতকে কুয়ালালামপুর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ওই উড়োজাহাজ নিখোঁজ রহস্যের অবসান ঘটিয়ে গত সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে জানান, আরোহীদের সবার মৃত্যু হয়েছে। কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) তথ্য-উপাত্ত অনুযায়ী অস্ট্রেলিয়ার পশ্চিমের প্রত্যন্ত সাগরে উড়োজাহাজটির যাত্রা শেষ হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
মালয়েশিয়া এয়ারলাইনস কর্তৃপক্ষ উড়োজাহাজ ভারত মহাসাগরে ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছে, নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে প্রাথমিকভাবে ক্ষতিপূরণ বাবদ পাঁচ হাজার মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব করেছে। এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ভবিষ্যতে কর্তৃপক্ষ আরও সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
মালয়েশিয়ার কর্তৃপক্ষ ওই উড়োজাহাজটির সলিলসমাধি হয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিলেও দুর্ঘটনার ধরন বা কারণ সম্পর্কে রহস্যের কোনো অবসান হয়নি। হতভাগ্য যাত্রীদের আত্মীয়স্বজনেরা অনেকে আশাবাদী ছিলেন, প্রিয়জনদের হয়তো ফিরে পাওয়া যাবে। কিন্তু যাত্রী বা আরোহীদের কারও বেঁচে থাকার আশা আর নেই বলে রাজাকের ঘোষণার পর বিহ্বল হয়ে পড়েন স্বজনেরা।
এদিকে মৃত যাত্রীদের প্রতি শ্রদ্ধা জানাতে মালয়েশিয়ার সব দৈনিক পত্রিকা গতকাল শোকের প্রতীক কালো রঙের মোড়কে প্রকাশিত হয়।
তথ্য-উপাত্ত চেয়েছে চীন: নিখোঁজ উড়োজাহাজটির সলিলসমাধির ব্যাপারে যেসব তথ্য-উপাত্তের ভিত্তিতে নিশ্চিত হয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ, সেগুলো দেখতে চেয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং একজন বিশেষ দূতকে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনার জন্য শিগগিরই কুয়ালালামপুরে পাঠাবেন।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ৮ মার্চ রাতে বেইজিংগামী মালয়েশিয়া এয়ারলাইনসের ওই ফ্লাইটের মোট ২৩৯ জন আরোহীর মধ্যে ১৫৩ জনই ছিলেন চীনের নাগরিক।
বেইজিংয়ে যাত্রীদের আত্মীয়স্বজনেরা এক যৌথ বিবৃতিতে মালয়েশিয়া সরকারের বিরুদ্ধে ‘বিলম্ব, তথ্য বিকৃতি ও সত্য গোপন করার’ চেষ্টার অভিযোগ করেছেন। তাঁরা মালয়েশিয়া দূতাবাসের সামনে গিয়ে বিক্ষোভ করেন, পানির বোতল ছুড়ে মারেন এবং রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে চান। তাঁদের অভিযোগ, উড়োজাহাজ দুর্ঘটনার গোটা বিষয়টি মালয়েশিয়া সরকার যথাযথভাবে সামাল দিতে পারেনি।
চীনের পররাষ্ট্র উপমন্ত্রী শি হাংশেং এক বিবৃতিতে বলেন, ‘আমরা মালয়েশিয়ার কাছে উপগ্রহ থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণের বিষয়টি জানতে চেয়েছি। কোন প্রমাণের ভিত্তিতে তারা উড়োজাহাজটি ধ্বংস হওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে, তা আমরা দেখতে চাই।’
ধ্বংসাবশেষ উদ্ধারের তৎপরতা স্থগিত: প্রতিকূল আবহাওয়ার কারণে নিখোঁজ এমএইচ৩৭০ ফ্লাইটটি উদ্ধারের অভিযান গতকাল স্থগিত রাখা হয়। অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একাধিক দেশের উদ্যোগে ওই উদ্ধার তৎপরতা শুরু হয়। ঘটনাস্থলে উড়োজাহাজটির ধ্বংসাবশেষের একাধিক চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে বলে জানানো হলেও সেগুলো ওই নিখোঁজ উড়োজাহাজটিরই কি না, সে ব্যাপারে নিশ্চিত করা হয়নি।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড জনস্টন বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার অভিযান শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এএফপি, রয়টার্স ও বিবিসি।