
সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের দায়িত্বপ্রাপ্ত নজরদারি সংস্থা দ্য অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস (ওপিসিডব্লিউ) আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে কাজ শেষ করবে। সংস্থাটি গত শুক্রবার এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছে। সেদিনই ছিল ওই পরিকল্পনা প্রকাশের শেষ দিন।
সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে সৃষ্ট সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার মতৈক্য অনুযায়ী ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে দেশটির সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করার কথা।
ওপিসিডব্লিউর ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপদ ও দ্রুততম সময়ে সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ধ্বংসের বিষয়টি নিশ্চিত করতে এগুলো দেশটির বাইরে নিয়ে যেতে হবে। ২০১৪ সালের ৩০ জুনের মধ্যেই এ কাজ শেষ করা হবে।’ বিবৃতিতে বলা হয়, ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ’ রাসায়নিক উপাদানগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে এবং সিরিয়া সরকারের ঘোষিত অন্যসব রাসায়নিক উপাদান ৫ ফেব্রুয়ারির মধ্যে সরিয়ে নেওয়া হবে। ওই বিবৃতিতে জানানো হয়, সিরিয়ার রাসায়নিক অস্ত্রের স্থাপনাগুলো ১৫ ডিসেম্বর থেকে ১৫ মার্চের মধ্যে পর্যায়ক্রমে ধ্বংস করা হবে।
ওপিসিডব্লিউর মহাপরিচালক আহমেত উমজুসু বলেছেন, পরবর্তী ধাপ হবে সবচেয়ে চ্যালেঞ্জিং। এই ধাপে অস্ত্র ধ্বংসের নিরাপদ পরিবেশ পাওয়া, ঝুঁকিপূর্ণ অস্ত্র সিরিয়ার বাইরে নিয়ে যাওয়া এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা ধ্বংস করার কথা রয়েছে।
নাকচ করেছে আলবেনিয়া: সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে আলবেনিয়ার সহায়তা কামনা করেছিল যুক্তরাষ্ট্র। তবে আলবেনিয়া তা নাকচ করে দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ইদি রামা বলেন, ‘সিরিয়ার অস্ত্র ধ্বংস কার্যক্রমে আমাদের সম্পৃক্ত হওয়াটা অসম্ভব। এ ধরনের অভিযানে অংশ নেওয়ার সামর্থ্য আলবেনিয়ার নেই।’
এর আগে সিরিয়ার অস্ত্র ধ্বংসের কাজে সম্পৃক্ত হওয়া থেকে বিরত থাকার দাবিতে আলবেনিয়ার রাজধানী টিরানায় কয়েক দিন ধরে বিক্ষোভ করে সাধারণ মানুষ। টিরানার মার্কিন দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আলবেনিয়া সরকারের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানায়। তবে ওয়াশিংটন জাতিসংঘ, ওপিসিডব্লিউ ও তার মিত্রদের নিয়ে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজ নিশ্চিত করবে। বিবিসি ও এএফপি।