নওয়াজবিরোধীরা কি কোমর বেঁধে নামছে?
পাকিস্তানের ভারতবিরোধী শক্তি কি কোমর কষে নেমে পড়েছে? ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির কাশ্মীর সফরের সময় এ প্রশ্নটা বড় হয়ে উঠেছে।
অরুণ জেটলি গতকাল শনিবার দুদিনের সফরে জম্মু-কাশ্মীর যান৷ এ সফরে নিয়ন্ত্রণরেখা বরাবর নিরাপত্তা-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে তিনি বৈঠক করবেন। সেনাপ্রধান জেনারেল বিক্রম সিংও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কাশ্মীর গেছেন।
পাকিস্তানের ভারতবিরোধী শক্তিগুলোর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী নিজেই। জেটলির সফরের সময় ওমর আবদুল্লা টুইট করে জানতে চেয়েছেন, শুক্রবার রাতে পুঞ্চ এলাকায় পাকিস্তানের দিক থেকে গোলাবর্ষণের ‘টাইমিং’ কি প্রতিরক্ষামন্ত্রীর সফরকেন্দ্রিক?
টুইটারে ওমর আবদুল্লার সংশয় প্রকাশ একেবারেই যে অযৌক্তিক, তা বলা যাবে না। ১৯৯৯ সালে ভারত ও পাকিস্তানের সম্পর্কের উন্নতিতে তৎকালীন দুই প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেিয় ও নওয়াজ শরিফের উদ্যোগে জল ঢেলে দিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ৷ লাহোর বাসযাত্রার মাতামাতি মাটি হয়ে শুরু হয়েছিল কার্গিল যুদ্ধ। এবার আবার সেই নওয়াজ শরিফ এবং সেই বিজেপির সরকার।
প্রতিরক্ষামন্ত্রী হিসেবে জেটলির প্রথম কাশ্মীর সফর এবং অত্যাধুনিক রণপোত আইএনএস বিক্রমাদিত্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওঠার সন্ধিক্ষণে পাকিস্তানের ক্রমাগত গোলাবর্ষণ এমন আশঙ্কাই বড় করে তুলছে, দুই দেশের বন্ধুতা যারা চায় না, তারা কোমর কষে নেমে পড়েছে। তাদের প্রাথমিক লক্ষ্য, নওয়াজের উদ্যোগে রাশ টানা।
সাউথ ব্লকের জনপ্রিয় ধারণা, দুই অচেনা নেতা খুব অল্প সময়েই পারস্পরিক বিশ্বাস অর্জনে সফল হয়েছেন। দুজনেই এ সাফল্যকে আরও এগিয়ে নিতে আগ্রহী। এ আগ্রহের অন্যতম অনুঘটক হিসেবে কাজ করছে দুই নেতার ব্যবসায়ী মনোভাব। বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় হলে অনেক অবিশ্বাস মিলিয়ে যাবে বলে তাঁরা বিশ্বাস করেন।
ওই সূত্রটির কথায়, পাকিস্তানের ভারতবিরোধী শক্তি কখনোই নওয়াজকে সফল হতে দিতে চাইবে না। নিয়ন্ত্রণরেখায় ইদানীং গোলাবর্ষণের প্রধান কারণই বিশ্বাসের ওই গোড়ায় আঘাত হানা।