নওয়াজ নির্বোধ: মোশাররফ
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ‘সম্পূর্ণ নির্বোধ’ বলে আখ্যা দিয়েছেন। নিজের শাসনামলে বিভিন্ন ভুলের জন্য জনগণের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। ব্রিটেনে অবস্থানরত মোশাররফ গত শনিবার সন্ধ্যায় বার্মিংহামে এক সমাবেশে শত শত সমর্থকের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন। জেনারেল মোশাররফ বলেন, ‘নওয়াজ বিচক্ষণ নন। তাই দু-দুবার তাঁকে ক্ষমতা হারাতে হয়েছে। আমি পুরো এক বছর তাঁর সঙ্গে কাজ করেছি। আমার মনে হয়েছে, তিনি একেবারেই নির্বোধ।’নিজের দল অল পাকিস্তান মুসলিম লীগ সম্পর্কে মোশাররফ বলেন, তাঁর দল জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং দলের একটি গণতান্ত্রিক কাঠামো থাকবে। ওই সমাবেশে উপস্থিত লোকজনের হাতে ‘পাকিস্তানের জন্য দায়বদ্ধ শাসক প্রয়োজন’ লেখাসহ বিভিন্ন ব্যানার দেখা যায়। মোশাররফের এই বক্তব্যের সময় সমাবেশস্থলের পাশেই হিজবুত তাহরির নামের একটি সংগঠন শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করে। তাঁদের কর্মীরা মোশাররফের ছবি সংবলিত পোস্টারে জুতাও ছুড়ে মারে। ১৯৯৯ সালে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা গ্রহণ করেন জেনারেল মোশাররফ। দুবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বর্তমানে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগের (এন) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।লন্ডনে গত শুক্রবার অল পাকিস্তান মুসলিম লীগ গঠনের পর শিগগিরই পাকিস্তানে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন মোশাররফ। ২০০৮ সালে ক্ষমতা ছাড়ার পর থেকে তিনি ব্রিটেনে বাস করছেন। পিটিআই।