নওয়াজ-মোদি কতটা এগোতে পারবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিকেই অনেক বিপত্তি ছিল৷ তা পাশ কাটিয়ে গত সোমবার নয়াদিল্লিতে ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ গতকাল মঙ্গলবার দুজনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকও হয়ে গেল৷ তাই স্বাভাবিকভাবেই চিরবৈরী এই দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন আশা উঁকি দিতে শুরু করেছে ভারতীয় ও পাকিস্তানিদের মনে৷ কিন্তু কতটুকু পারবেন নওয়াজ-মোদি? পাকিস্তানের ডন পত্রিকায় এক নিবন্ধে এ প্রশ্ন তুলেছেন বিশ্লেষক জাভেদ নাকভি৷
গত সোমবার প্রকাশিত নিবন্ধটিতে বলা হয়, ‘দুই প্রধানমন্ত্রীর ওপর অনেক কিছু নির্ভর করছে৷ তাঁরা কি পারবেন এত দিনের তিক্ত সম্পর্কের উন্নতি ঘটাতে?’
উদারপন্থী হুরিয়াতপ্রধান মিরওয়াইজ উমর ফারুক এক বিবৃতিতে বলেছেন, ‘কাশ্মীরের বাসিন্দারা ভারত-পাকিস্তানের সম্পর্কের অগ্রগতির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে৷’
তবে নওয়াজ ও মোদির এ বৈঠকের সমালোচনাকারীরা বলছেন, বড় বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে৷ কট্টর হিন্দুত্ব জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা মোদি কট্টর হিন্দুদের সমালোচনার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে৷
ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখাকে ঘিরে উত্তেজনার মধ্যে ভারতের সেনাদের সতর্কাবস্থায় রাখা হয়েছে৷ এ সমস্যার সমাধানেও নওয়াজ ও মোদিকে মতৈক্যে পেঁৗছাতে হবে৷
মোদির শপথ উপলক্ষে দেড় শতাধিক ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে পাকিস্তান৷ বিষয়টি উল্লেখ করে জাভেদ নাকভি লিখেছেন, মুক্তি পেয়ে ভারতের জেলেরা খুশিমনে বাড়ি ফিরে গেছেন৷ তবে পারমাণবিক শক্তিধর দুই দেশের ভাজা করার মতো আরও অনেক বড় মাছ রয়েছে৷