নওয়াজ শরিফের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০ লাখ রুপিরও বেশি বকেয়া পড়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গ্যাস-বিদ্যুৎ চোরদের বিরুদ্ধে ‘জিহাদে’র ঘোষণা দেওয়ার সপ্তাহ পার না হতেই তাঁর নিজের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলো। পাকিস্তানের গণমাধ্যমের বরাত দিয়ে গত সোমবার বিবিসি এ খবর প্রকাশ করে।
খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর বাসা ও অফিসের গ্যাসের বিল বাকি আছে ৪০ লাখ ৭০ হাজার রুপি। প্রধানমন্ত্রীর বাসা-অফিস ছাড়াও রাজধানী ইসলামাবাদে পার্লামেন্ট ভবন, সাংসদদের বাসভবন ও কেন্দ্রীয় শরিয়া আদালতসহ আরও কয়েকটি সরকারি ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পাকিস্তানের ট্রিবিউন পত্রিকার খবরে বলা হয়, বকেয়া বিল পরিশোধে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তা পরিশোধ করা হয়নি। গ্যাসের বিল বকেয়া রাখা ব্যক্তিদের ব্যাপারে গত বুধবার ‘জিরো টলারেন্স’ দেখানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর মাত্র কয়েক দিনের মাথায় তাঁর নিজের সরকারি বাসার গ্যাস সংযোগই বিচ্ছিন্ন করা হলো। বিবিসি।