নওয়াজের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রের সম্পৃক্ততা নেই: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াজ শরিফ
ফাইল ছবি


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে লাহোর পুলিশ। সোমবার রাতে এক বিবৃতিতে তারা বলেছে, ওই মামলা করেছেন একজন ‘বেসরকারি নাগরিক’। এই মামলার সঙ্গে রাষ্ট্র বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের সম্পৃক্ততা নেই। পাকিস্তানের গণমাধ্যম ডন মঙ্গলবার এ খবর দিয়েছে।

নওয়াজ শরিফ পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা। তাঁর বিরুদ্ধে লাহোরের শাহধারা থানায় সোমবার মামলাটি করেন বদর রাশিদ নামের এক ব্যক্তি। তিনি পাকিস্তান ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট ও দণ্ডবিধির বিভিন্ন ধারা উল্লেখ করেছেন।

এসব ধারার অভিযোগগুলোর মধ্যে রয়েছে সাইবার সন্ত্রাস, অপরাধমূলক ষড়যন্ত্র, পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালানোর উসকানির ষড়যন্ত্র, পাকিস্তান রাষ্ট্রের জন্মের নিন্দা জানানো ও দেশের সার্বভৌমত্ব বিলুপ্ত করা, রাষ্ট্রদ্রোহ করা এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বাধিয়ে দেওয়া।

এ মামলা নিয়ে গণমাধ্যমে নানা জল্পনাকল্পনার সৃষ্টি হয়েছে। বিষয়টি পরিষ্কার করতে পুলিশ বিবৃতি দিয়ে ঘটনার ব্যাখ্যা দিল। গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, মামলার বিষয়টি নিয়ে গণমাধ্যমে নানা জল্পনা প্রকাশ পাচ্ছে, যার সঙ্গে বাস্তবতার মিল নেই। আসলে মামলাটি করেছেন একজন সাধারণ নাগরিক। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান পুরোপুরি অনুসরণ করা হয়েছে। আইনগত সবদিক বিবেচনায় রেখেই মামলাটির তদন্ত চলছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, মামলায় উল্লিখিত ব্যক্তিরা অপরাধ করছেন, এমনটি প্রতীয়মান হলেই কেবল পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

একই সঙ্গে দলের পক্ষ থেকে বলা হয়েছে, এ মামলায় তারা আগাম জামিন (গ্রেপ্তার পূর্ব জামিন) চাইবে না। দলের মুখপাত্র ডনকে বলেন, পিটিআই সরকারের যদি সাহস থাকে তাহলে এসে আমাদের গ্রেপ্তার করুক।

মামলায় নওয়াজ শরিফের পাশাপাশি পিএমএল-এন নেতা মারিয়াম নওয়াজ, রানা সানাউল্লাহ, আহসান ইকবালসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এই নেতারা গত সপ্তাহে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশ নিয়েছিলেন। মামলার অভিযোগে বলা হয়, বৈঠক দুটিতে দেওয়া নওয়াজের বক্তব্যের আসল উদ্দেশ্য পাকিস্তানকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একঘরে করে ফেলা। দেশটিকে দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে ঘোষণা করা।

এই মামলার তীব্র নিন্দা জানিয়েছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন)। দলটির নেতা জাফর ইকবাল এক বিবৃতিতে বলেন, রাজনীতিকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার মাধ্যমে সরকারের অযোগ্যতা ঢেকে রাখা যাবে না। বেকারত্ব, মূল্যস্ফীতি ও দারিদ্র্যের মতো সমস্যা মোকাবিলার উপায় না খুঁজে প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার বিরোধীদের দমাতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে।

আরও পড়ুন