নওয়াজের বিরুদ্ধে লড়বেন সায়রা বানু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান মুসলিম লিগের (এন) প্রধান নওয়াজ শরিফের ভোটের দুর্গে আঘাত হানতে চাচ্ছেন সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফ। আসন্ন জাতীয় পরিষদ নির্বাচনে নওয়াজের আসনে একজন নারী প্রার্থীকে মাঠে নামিয়েছেন তিনি। আগামী ১১ মে অনুষ্ঠেয় এই নির্বাচনে লাহোরের আসনে নওয়াজের বিরুদ্ধে লড়বেন বেগম সায়রা বানু।বেগম সায়রা বানু সাধারণ কোনো নারী নন। তিনি উপমহাদেশের বিখ্যাত কুস্তিগির গামা পালওয়ানের নাতনি, ভুলো পালওয়ানের মেয়ে ও ঝারা পালওয়ানের স্ত্রী। বিখ্যাত কুস্তিগির পরিবারের সদস্য হিসেবে নওয়াজের বিপক্ষে সায়রা বানু শক্ত প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলবেন বলে অনেকে মনে করছেন।তা ছাড়া সায়রা বানুর আরও একটি বড় পরিচয় আছে। তিনি নওয়াজের স্ত্রী বেগম কুলসুম নওয়াজের আত্মীয়। কুলসুম নওয়াজ আবার গামা পালওয়ানের নাতনি।নওয়াজ তাঁর ভাইয়ের ছেলে হামজা শাহবাজের মাধ্যমে গত সপ্তাহে মনোনয়নপত্র জমা দিয়েছেন।কুস্তি লড়াই সংস্কৃতি পাকিস্তানের অন্যান্য অঞ্চলের মতো লাহোর থেকেও প্রায় উঠে যাচ্ছে বললেই চলে। একসময় দেশটিতে সবচেয়ে জনপ্রিয় খেলাই ছিল এই কুস্তি। তবে লাহোরের মানুষের মনে এখনো বড় জায়গা দখল করে আছেন ওপরে উল্লিখিত তিন বিখ্যাত পালওয়ান। এ কারণে সায়রা বানুর প্রতি লাহোরবাসীর একটা মৌন সমর্থন থাকবেই।তবে বিশ্লেষকেরা বলছেন, পালওয়ান পরিবারের প্রতি এই সহমর্মিতা ভোটের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কেননা, রাজনীতি আর সংস্কৃতি কখনো এক নয়। ডন।