নওয়াজের মন্ত্রিসভা আজ শপথ নিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মন্ত্রিসভার সদস্যরা আজ শুক্রবার শপথ গ্রহণ করবেন। মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তা নিশ্চিত করা হয়নি। তবে নওয়াজের দলের জ্যেষ্ঠ অনেক নেতার নাম আলোচনায় এসেছে।মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণায় দেরি হচ্ছে অভিযোগ এনে বিভিন্ন মহলে গতকাল গুঞ্জন ছড়িয়ে পড়ে।আজ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন। মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে যাঁদের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন চৌধুরী নিসার, খাজা আসিফ, ইসহাক দার, সাদ রফিক, আহসান ইকবাল, মুর্তাজা জাতোই, পারভেজ রাশেদ, পির সদর-উদ-দিন শাহ রাশদি ও আবদুল কাদির বেলুচ।পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, চৌধুরী নিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এ ছাড়া খাজা আসিফ জ্বালানি মন্ত্রণালয়, আহসান ইকবাল বিজ্ঞান ও প্রযুক্তি, ইসহাক দার অর্থ এবং পারভেজ রাশেদের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণায় সময় নিচ্ছেন। গত বুধবার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পর তাঁর মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন বলে আশা করা হচ্ছিল। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, নওয়াজ খুব ভেবেচিন্তে মন্ত্রিসভার সদস্যদের নামের তালিকা প্রস্তুত করছেন। সূত্রমতে, আজ শুক্রবার বা কাল শনিবার নতুন মন্ত্রিপরিষদ শপথ নিতে পারে।মন্ত্রিসভায় স্থান পেতে পারেন—এমন একজন নেতা গতকাল বলেন, প্রধানমন্ত্রী নওয়াজ এরই মধ্যে নাম চূড়ান্ত করেছেন। প্রথম দফায় ১০ থেকে ১২ জন মন্ত্রী শপথ নিতে পারেন। দু-এক দিনের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণে দেরি হওয়ার কারণ হিসেবে একটি সূত্র বলছে, নওয়াজ আসলে এই মুহূর্তে নিজের ওপর সবার মনোযোগ রাখতে চাচ্ছেন। এর আগে তিনি দুবার প্রধানমন্ত্রী হয়েও মেয়াদ পূর্ণ করতে পারেননি। তাই এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর এই কৌশল নিয়েছেন।নওয়াজ-কায়ানি বৈঠক: নবনির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি। গত বুধবার প্রধানমন্ত্রী ভবনে নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় আধঘণ্টা ধরে এই বৈঠক চলে। এ সময় প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে নওয়াজের দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা জানান, এটা নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ছিল।শাহবাজ তৃতীয় মেয়াদে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীভাই নওয়াজ শরিফ তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরদিন তৃতীয় দফা মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিএমএল-এন নেতা শাহবাজ শরিফ। গতকাল বৃহস্পতিবার পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে শাহবাজ তিন শ ভোট পেয়েছেন।শাহবাজের প্রতিদ্বন্দ্বী প্রার্থী পিটিআইয়ের মিয়া মাহমুদুর রশিদ পেয়েছেন মাত্র ৩৪ ভোট। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ভোটদানে বিরত থাকে। মুখ্যমন্ত্রী পদে শাহবাজ ও মাহমুদুরই প্রার্থী ছিলেন। নির্বাচিত হওয়ার পর গতকাল বিকেলেই গভর্নরের কার্যালয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শাহবাজের শপথ নেওয়ার কথা।গত ১১ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পিএমএল-এন পাঞ্জাব প্রাদেশিক পরিষদে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে। দলটি ৩০৫টি আসনে জয়ী হয়। স্পিকার পদে দলের মনোনীত প্রার্থী ২৯৭ ভোট পান। পাঞ্জাব প্রাদেশিক পরিষদে পিটিআই ও পিএমএল-কিউর ৩৫টি আসন রয়েছে। নেশন ও ডন।