নকল করার শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ বছরের মেয়েটি তার ক্লাসের জন্য বাড়ির কাজ (হোমওয়ার্ক) করেছিল সহপাঠীর খাতা দেখে নকল করে। তা দেখেই বাবা এমন খেপে গেলেন, মেয়েকে মারতে মারতে পাঠিয়ে দিলেন মৃত্যুর ঠিকানায়।

আজ বুধবার চীনা বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, চীনের ঝেজিয়াং প্রদেশে এ ঘটনা ঘটে। সহপাঠীর খাতা দেখে হোমওয়ার্ক করায় মেয়েটির বাবা খেপে গিয়ে তাকে হাঁটু গেড়ে বসতে বলেন। এরপর মেয়েটির হাত বেঁধে তাকে নির্মমভাবে পেটান। একপর্যায়ে মেয়েটির শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেলে তাকে হাংঝু হাসপাতালে নিয়ে যান বাবা। এক দিন পরই মৃত্যু হয় মেয়েটির।

হাংঝু হাসপাতালের চিকিত্সক জিনদাই জিনবাও বলেন, নির্মম পিটুনির কারণে মেয়েটির নাকে ও পিঠে কালশিটে দাগ পড়ে গিয়েছিল। অতিপিটুনির কারণে দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

সম্প্রতি চীনে শিশু নির্যাতনের হার বহুগুণ বেড়ে গেছে। বিশেষ করে দেশটির জটিল শিক্ষাব্যবস্থার কারণে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা। এতে হতাশ হয়ে কেউ কেউ অকালে মারা যাচ্ছে।

দেশটির জিয়াংসু প্রদেশে চলতি মাসের শুরুর দিকে হোমওয়ার্ক সঠিকভাবে শেষ করতে না পারার ভয়ে দড়িতে ঝুলে আত্মহত্যা করেছে ১৩ বছর বয়সী এক শিশু।

দ্য চায়না ডেইলির এক খবরে জানানো হয়, গত বছর জানুয়ারিতে টেস্ট স্কোর কমে যাওয়ায় একটি ভবনের ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে এক শিক্ষার্থী।