নকল ভেস্ট পরেছিলেন 'সন্ত্রাসীরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের বারা মার্কেটের বাইরে পুলিশের গুলিতে নিহত সন্দেহভাজন এক সন্ত্রাসী। ছবি: এএফপি
লন্ডনের বারা মার্কেটের বাইরে পুলিশের গুলিতে নিহত সন্দেহভাজন এক সন্ত্রাসী। ছবি: এএফপি

যুক্তরাজ্যের লন্ডনে বারা মার্কেট এলাকায় সাধারণ জনগণের ওপর ছুরি নিয়ে হামলার পর পুলিশের গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন তিন হামলাকারী।

এএফপির খবরে জানা যায়, স্থানীয় সময় শনিবার রাতে লন্ডন ব্রিজ ও বারা মার্কেট এলাকায় হামলার ঘটনা ঘটে। আজ রোববার পুলিশ বলছে, হামলাকারীরা নকল আত্মঘাতী বন্ধনী (সুইসাইড ভেস্ট) পরেছিলেন।

ব্রিটেনের কাউন্টার টেররিজমের প্রধান মার্ক রাউলি বলেন, সন্দেহভাজন সন্ত্রাসীরা বিস্ফোরক বন্ধনীর মতো দেখতে একধরনের জিনিস পরেছিলেন। পরে দেখা যায়, সেটি নকল। এ রকম বন্ধনী পরে তাঁরা ভেলকি দেখাতে চেয়েছিলেন।

শনিবার রাতে লন্ডন ব্রিজে সন্দেহভাজন সন্ত্রাসীরা ভিড়ের মধ্যে দ্রুতগতিতে একটি ভ্যান চালিয়ে দেন। এরপরেই কাছাকাছি বারা মার্কেট এলাকায় ছুরি নিয়ে সাধারণ জনগণের ওপর হামলা চালান। হামলায় নিহত হয়েছেন ছয়জন। পুলিশের গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন তিন হামলাকারী।

হামলার পর মেট্রোপলিটন পুলিশ টুইটে লন্ডন ব্রিজ ও বারা মার্কেটের হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছে।