নকশালদের কাছে নতিস্বীকার করা হবে না: মনমোহন সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহতদের দেখতে হাসপাতালে মনমোহন ও সোনিয়া ষ এনডিটিভি
আহতদের দেখতে হাসপাতালে মনমোহন ও সোনিয়া ষ এনডিটিভি

ভারতের ছত্তিশগড়ে কংগ্রেসের নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, তাঁর দেশ কখনো মাওবাদীদের কাছে নতি স্বীকার করবে না। এই হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে। গতকাল রোববার ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের কংগ্রেস ভবনে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় মনমোহন সিং এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের নেতা নন্দকুমার প্যাটেল, মহেন্দ্র কর্মা, উদয় মুদালিয়ার আত্মত্যাগ করেছেন। যাই হোক, আমরা কখনোই নকশালদের কাছে মাথা নত করব না। আমি নিশ্চিত করতে পারি, সরকার এই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে অঙ্গীকারবদ্ধ।’

গত শনিবার ছত্তিশগড়ে কংগ্রেসের নেতাদের গাড়িবহরে মাওবাদীদের হামলায় রাজ্যের কংগ্রেসপ্রধান নন্দকুমার প্যাটেল, তাঁর ছেলে দীনেশ প্যাটেল, স্থানীয় নেতা মহেন্দ্র কর্মাসহ মোট ২৭ জন নিহত হন। আহত হন কমপক্ষে ৩২ জন।

কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, ‘মাওবাদীদের কাপুরুষোচিত এই হামলা শুধু কংগ্রেস বা এর নেতাদের ওপর নয়, গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও হামলা।’ কংগ্রেসের নেতাদের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, ‘কংগ্রেসের নেতারা কয়েক দফা বাধার সম্মুখীন হওয়ার পরও সেখানে গেছেন। আমি এই সাহসিকতার জন্য তাঁদের ধন্যবাদ জানাই।’ সোনিয়া ওই হামলাকে চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন।

রাষ্ট্রপতি প্রণব মুখার্জি হতাহতের এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি কঠোর ভাষায় এই হামলার নিন্দা জানাই। আমি আবারও জানিয়ে দিতে চাই, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় সহিংসতার কোনো স্থান নেই।’

হাসপাতালে ভর্তি কংগ্রেসের আহত নেতা-কর্মীদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। এঁদের মধ্যে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ভি সি শুক্লাও রয়েছেন। গত তিন বছরের মধ্যে ভারতে মাওবাদীদের এটাই সবচেয়ে বড় হামলা।

শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে রায়পুর থেকে ৩৭৫ কিলোমিটার দক্ষিণে শুকমা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গভীর জঙ্গলের মধ্য দিয়ে কংগ্রেসের নেতাদের গাড়িবহর যাওয়ার সময় প্রথমে গাছ ফেলে তাঁদের গতি রোধ করা হয়। পরে বোমার বিস্ফোরণ ঘটিয়ে নির্বিচারে গুলি চালানো হয়। হামলায় অন্তত ৩০০ সশস্ত্র মাওবাদী অংশ নেন।

কংগ্রেস নেতাদের বহরে ২০টি গাড়ি ছিল। এতে ১২০ জন নেতা-কর্মী ছিলেন। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনী হামলা প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হয়। ঘটনাস্থলেই নিহত হন স্থানীয় নেতা মহেন্দ্র কর্মাসহ আরও বেশ কয়েকজন। হামলা থেকে বাঁচতে নন্দকুমার ও তাঁর ছেলে পাশের ডোবায় ঝাঁপ দিয়েও বাঁচতে পারেননি। মাওবাদীরা তাঁদের সেখান থেকে ধরে নিয়ে যায়। পরে গতকাল রোববার সকালে বস্তারের জিরাম উপত্যকা থেকে পিতা-পুত্রের লাশ উদ্ধার করা হয়। এ সময় আরও আটটি লাশ পাওয়া যায়। এঁদের পাঁচজনই নিরাপত্তাকর্মী। কংগ্রেসের আহত এক নেতা এনডিটিভিকে বলেন, ‘প্রায় দেড় ঘণ্টা ধরে গুলিবর্ষণ চলতে থাকে। হামলা থেকে বাঁচতে আমাদের অনেকে রাস্তার ওপর শুয়ে পড়েন।’ কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী শনিবার রাতেই রায়পুরে যান। ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মাওবাদীরা দীর্ঘ চার দশক ধরে মধ্য ও পূর্ব ভারতে লড়াই করে যাচ্ছে। বলা হয়, দরিদ্রদের জন্য ভূমি ও চাকরি, সর্বোপরি একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই তাদের এই সংগ্রাম।