নগ্নপদ দস্যুকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ
বাহামা দ্বীপপুঞ্জ কর্তৃপক্ষ ‘বেয়ারফুট ব্যান্ডিট’ বা ‘নগ্নপদ দস্যু’ নামে কুখ্যাত চোর কল্টোন হ্যারিস মুরকে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ফেরত পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের কর্মকর্তারা এ কথা জানান। মুরকে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে একই দিন বাহামা দ্বীপপুঞ্জের নাসাউয়ে একটি আদালতে ১৯ বছর বয়সী মুরের বিরুদ্ধে অবৈধভাবে বিমান নিয়ে অবতরণের অভিযোগ আনা হয়। গতকাল তাঁকে যুক্তরাষ্ট্রের আদালতে হাজির করার কথা। চুরির অভিযোগে তাঁকে খুঁজছিল মার্কিন কর্তৃপক্ষ।মুরকে গত রোববার বাহামা দ্বীপপুঞ্জের হারবার দ্বীপ থেকে গ্রেপ্তার করা হয়। চুরি যাওয়া একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার সাত দিনের মাথায় গ্রেপ্তার হন তিনি। ওই বিমান চুরির পর তাতে করে তিনি বাহামায় যান বলে ধারণা করা হচ্ছে। মুরের বিরুদ্ধে গাড়ি, বিমান ও নৌযান চুরির অভিযোগ রয়েছে। ২০০৯ সালে সিয়াটলে ক্যাসকেড পর্বতমালার কাছে একটি চুরি যাওয়া বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনা তদন্ত করতে গিয়ে আইডাহো অঙ্গরাজ্যের একটি বিমানবন্দরের হ্যাঙ্গারে মুরের খালি পায়ের ছাপ খুঁজে পান তদন্ত কর্মকর্তারা। এর পর থেকেই ‘বেয়ারফুট ব্যান্ডিট’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন মুর। এএফপি।