সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার কোনো ইঙ্গিত না থাকলেও বিভিন্ন ইলেকট্রনিক যোগাযোগমাধ্যমে মার্কিন নাগরিকদের ওপর অবৈধ উপায়ে নজরদারি করেছে যুক্তরাষ্ট্র সরকার। দেশটির সরকারি কর্মকর্তারা গত বুধবার এ অভিযোগ স্বীকার করেছেন। কর্মকর্তারা বলেছেন, সরকারের ওই নজরদারিকে যুক্তরাষ্ট্রের একটি আদালত ২০১১ সালে অবৈধ ঘোষণা করলে তা বন্ধ করা হয়। আদালতের প্রকাশ করা দলিল অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) অবৈধ উপায়ে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত মার্কিন নাগরিকদের ব্যক্তিগত প্রায় ৫৬ হাজার ই-মেইল সংগ্রহ করেছিল। এসব ই-মেইলের সঙ্গে কোনো ধরনের সন্ত্রাসী পরিকল্পনার সম্পর্ক প্রমাণে ব্যর্থ হয়েছে এনএসএ। জনগণের ব্যক্তিগত কর্মকাণ্ডে এ ধরনের নজরদারির মাধ্যমে মার্কিন সংবিধানের চতুর্থ সংশোধনী লঙ্ঘন করা হয়েছে বলে আদালত এনএসএর সমালোচনা করেছেন। আদালতের এসব মন্তব্য সাধারণত গোপন রাখা হয়। কিন্তু চলমান বিতর্কের পরিপ্রেক্ষিতে জনগণের কাছে তথ্যের স্বাধীনতা নিশ্চিত করার স্বার্থে সরকার সেগুলো প্রকাশ করেছে।
জনসাধারণের ইন্টারনেট ও টেলিফোন ব্যবহারের ওপর এনএসএর গোপন নজরদারির বিষয়টি সংস্থাটির সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন গত জুনে ফাঁস করে দেন। এতে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখোমুখি হয়।
এনএসএ এখন তাদের নজরদারি কার্যক্রমের বিস্তারিত বিবরণ প্রকাশ করবে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নজরদারি কার্যক্রমের পুরোনো সমালোচক ডেমোক্রেটিক পার্টির সিনেটর মার্ক ইউডাল বলেন, তিনি এনএসএর স্বীকারোক্তিতে আনন্দিত। তবে নিরপরাধ মার্কিন নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ব্যাপারে আরও উদ্যোগী হতে হবে।
তথ্য-প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ওপেন টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক সাশা মিনার্থ বলেন, জনগণের আস্থা ফিরে পাওয়াটাই এখন মার্কিন সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ওবামা প্রশাসনের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার সময় এসেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ নাগরিকের ই-মেইল যোগাযোগের ওপর এনএসএর নজরদারির সামর্থ্য ছিল বলে ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার মঙ্গলবারের এক প্রতিবেদনে যে তথ্য দেওয়া হয়েছে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা তা ‘সত্য নয়’ বলে নাকচ করে দিয়েছেন। এএফপি ও বিবিসি।