নজরদারি গণতন্ত্রের জন্য হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ জনগণের ওপর রাষ্ট্রীয় নজরদারি কার্যক্রমের প্রতিবাদ জানিয়ে বিশ্বের ৮৩টি দেশের পাঁচ শতাধিক লেখক একটি বিবৃতি দিয়েছেন। তাঁরা গণনজরদারি কার্যক্রমকে একধরনের চুরি এবং গণতন্ত্রের জন্য হুমকি আখ্যা দিয়ে তা প্রতিরোধে নতুন আন্তর্জাতিক সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী পাঁচজন লেখক।

বাংলাদেশের ডেইলি স্টারসহ বিশ্বের ৩২টি দেশের শীর্ষ সংবাদপত্রগুলোও এই আবেদনে অংশ নিয়েছে। এই পত্রিকাগুলোসহ বিশ্বের অন্যান্য প্রচারমাধ্যমে একযোগে গতকাল মঙ্গলবার আবেদনটি প্রচারিত হয়।
মার্গারেট অ্যাটউড, ডন ডেলিলো, ওরহান পামুক, গুন্টার গ্রাস, অরুন্ধতী রায়সহ স্বাক্ষরকারীরা অভিযোগ করেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো ঢালাও নজরদারির মধ্য দিয়ে সবাইকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করছে।

‘ডিজিটাল যুগে গণতন্ত্রের পক্ষে একটি অবস্থান’ শীর্ষক ওই বিবৃতিতে যুক্তরাজ্য ও বাংলাদেশ থেকে স্বাক্ষর করেছেন ইংরেজি ভাষার লেখক তাহমিমা আনাম এবং বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেছেন কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল।
বিবৃতিতে বলা হয়, সাধারণ জনগণের ওপর গোয়েন্দা নজরদারির বিষয়টি সবার কাছেই পরিচিত। এখন কম্পিউটারের মাউসে কয়েকটি ক্লিক করেই রাষ্ট্র নাগরিকের মুঠোফোন, ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট ব্যবহারের যাবতীয় তথ্য সংগ্রহ করে নিতে পারে। এটি নাগরিকের রাজনৈতিক চিন্তাভাবনা বা ঝোঁক, কর্মকাণ্ডসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও জমা করে রাখতে পারে।

বিবৃতিতে বলা হয়, নজরদারির অধীন একটি সমাজে গণতন্ত্র থাকে না। নজরদারি কার্যক্রমকে ‘একধরনের চুরি’ আখ্যায়িত করে এতে বলা হয়, ‘ব্যক্তিগত তথ্য-উপাত্ত কখনোই সরকারি সম্পত্তি নয়: এগুলোর মালিকানা আমাদের।’ বিবৃতিতে ডিজিটাল অধিকারের একটি আন্তর্জাতিক আইন প্রণয়নের উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়। গার্ডিয়ান।