নজরদারি জঘন্য কাজ, বললেন গুগল চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোর তথ্যভান্ডারে যুক্তরাষ্ট্রের নজরদারিকে জঘন্য ও বেআইনি বলে আখ্যায়িত করেছেন জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিডট। গত সোমবার হংকং সফরের সময় মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
গুগলের নির্বাহী চেয়ারম্যান জানান, বিষয়টি জানার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ও কংগ্রেস সদস্যদের কাছে অভিযোগ করা হয়েছে।
গুগলের নির্বাহী চেয়ারম্যান স্মিডট বলেন, গুগলের তথ্যভান্ডারে এনএসএর নজরদারি করার খবর সত্যি হলে অবশ্যই তা হবে জঘন্য কাজ।
এরিক স্মিডট আরও বলেন, ৩০০ ব্যক্তিকে শনাক্ত করতে ৩২ কোটি মানুষের ফোন রেকর্ড সংগ্রহ করার অভিযোগ উঠেছে এনএসএর বিরুদ্ধে। এটা খুব বাজে একটি কৌশল...সম্ভবত বেআইনিও।
মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট গত বুধবার মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, এনএসএ সার্চ ইঞ্জিন গুগল ও ইয়াহুর তথ্যভান্ডারে গোপনে প্রবেশ করে। সেখান থেকে প্রতিদিন লাখ লাখ তথ্য এনএসএর সদর দপ্তরে পাচার করা হয়। এএফপি।