অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলা চালাতে পারে—এমন অন্তত ১২ ব্যক্তি প্রশাসনের নজরদারির তালিকায় রয়েছেন। এর মধ্যে কয়েকজন রয়েছেন কড়া পাহারায়। গত সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। সহিংস চরমপন্থা মোকাবিলার উপায় নিয়ে জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের বৈঠকের পর প্রশাসন সন্দেহভাজনদের ওই তালিকা প্রকাশ করল। ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গিগোষ্ঠীর অনুপ্রেরণায় একক ব্যক্তিদের হামলার বিষয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ দিন দিন বাড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে সেখানে কঠোর সন্ত্রাসবিরোধী আইন ও অন্যান্য উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি হিসাবে, অস্ট্রেলিয়ায় গত বছরে ছয়টি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়। কেন্দ্রীয় পুলিশের সন্ত্রাসবিরোধী-বিষয়ক প্রধান নিল গোগ্যান এবিসি টেলিভিশনকে বলেন, ১৯ সদস্যের ছোট একটি সন্দেহভাজন দলের বাকি সাতজন কারাগারে রয়েছেন।
এএফপি